বহু ঝড়ঝাপটা কাটিয়ে দুবাই থেকে কলকাতায় ফিরছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তী। জানা গিয়েছে, দুবাই থেকে তাঁর ফ্লাইট ইতিমধ্যেই টেক অফ করেছে। প্রথমে তিনি মুম্বই পৌঁছবেন। সেখান থেকে কলকাতায় ফিরবেন টলিউডের 'লেডি সুপারস্টার'। খবর, শুক্রবার বিকেলেই বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে অবশেষে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবেন।
বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে আটকে ছিলেন তাঁরা। শুভশ্রী, ইউভানের ফেরার খবরে আপ্লুত দিদি দেবশ্রী গাঙ্গুলি। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "আজ তো যাওয়া হবে না। রবিবার ওদের সঙ্গে দেখা করতে যাব। এই ক'দিন খুব দুশ্চিন্তায় কাটিয়েছি আমরা সবাই। কিন্তু এখন শান্তির নিঃশ্বাস নিতে পারছি। ভগবান শিবের আশীর্বাদ আছে ওদের উপর। বিশ্বাস ছিল ওরা দু'জনে ভালভাবেই ফিরে আসবে।"
তিনি আরও বলেন, "ইউভানের বয়স খুব অল্প। এই পরিস্থিতি বোঝার কথাও নয়। তবে ও প্যানিক করেনি। খারাপ লাগছে এটা ভেবে যে ও তো ঘুরতে গিয়েছিল। কিন্তু পরিস্থিতির চাপে সেটাই আর হল না।"
প্রসঙ্গত, ছেলের স্কুলের ছুটি পড়ায় তার আবদারেই দুবাই বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু এই বিপাকের মুখে পড়তে হবে কে জানত? কলকাতার বাড়িতে ছিলেন শুভশ্রীর স্বামী পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তী ও মেয়ে ইয়ালিনি। মেয়ের শরীর তেমন ভাল না থাকায় তাকে নিয়ে যেতে পারেননি শুভশ্রী। পরীক্ষার পর ছোট্ট ইউভান বায়না ধরেছিল দুবাই সফরের। সেই বায়না মেটাতেই শুভশ্রীর এই ঝটিকা সফর। শুটিংয়ের কাজে এর আগে অনেক বিদেশ গিয়েছেন। কিন্তু মা হিসেবে এটা অনেক বড় দায়িত্বের। উত্তাল দুবাইয়ের ঘটনা জানার পরে তাই উদ্বেগে কাটছিল না রাজের। উদ্বেগ ছিল শুভশ্রীর বর্ধমানের বাড়িতেও।
ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলার জেরে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছিল আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছিল বিশৃঙ্খল অবস্থা। কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। আটকে পড়েছিলেন বহু তারকাও। তবে একে একে বাড়ি ফিরেছেন অনেকে। এবার শুভশ্রী ও ইউভানের পালা। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টলিউডের 'লেডি সুপারস্টার'-এর অনুরাগীরা।
