বেশ কয়েক বছর অভিনয় জগৎ থেকে খানিকটা দূরে রয়েছেন তিথি বসু, এখন তিনি ভ্লগিং করেন। নিজের মত প্রচুর কাজ করেন তিথি। তবে পছন্দ মতো চরিত্র না পেলে হয়তো অভিনয় জগতে এখনই ফিরবেন না, এমনটাই জানিয়েছিলেন। তবে এবার নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি। ছোটপর্দায় না বড়পর্দায় দেখা যাবে তাঁকে?

অভিনেত্রী নিজেই আজকাল ডট ইন-কে জানিয়েছেন যে, এবার বড়পর্দায় ফিরছেন। ‘শেষের কবিতা’ অনুসরণে লেখা হয়েছে একটি ছবির চিত্রনাট্য। ছবির নাম ‘শেষ থেকে শুরু’। পরিচালনার দায়িত্বে রয়েছেন বৈশাখী মজুমদার। যদিও নায়িকা নয়, তবে দ্বিতীয় মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। নায়িকার ছেলের প্রেমিকা হিসেবে পর্দায় নতুন অবতারে ধরা দেবেন তিথি বসু।

ইতিমধ্যেই ছবির কাজ নাকি অনেকটাই এগিয়েছে। বহু বছর পর আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরে বেশ আপ্লুত তিথি নিজেও। 

ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি।তখন দর্শকদের দারুণ ভালবাসা পেয়েছেন। স্টার জলসার 'মা' ধারাবাহিকে ছোট্ট ঝিলিককে আজও ভোলেননি দর্শক। ধারাবাহিক এর মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মা'। ছোটপর্দা থেকে বড়পর্দা বিভিন্ন মাধ্যমে কাজ করলেও এই ধারাবাহিকই সবচেয়ে জনপ্রিয়তা দিয়েছে তিথিকে।


মাঝে বেশ কিছুদিন অভিনয় জগত থেকে সম্পূর্ণ বিরতিতে ছিলেন তিনি। চুটিয়ে ভ্লগিং করার পাশাপাশি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কাজও করেছেন। আসলে শুধু অভিনেত্রী হিসেবেই নিজেকে আবদ্ধ রাখতে চাননি। তাই বিভিন্ন দিকে এগিয়েছিলেন তিথি। এবার ফিরলেন চেনা গণ্ডিতে। তিথি জানিয়েছিলেন, এর আগেও বহুবার কাজে ফেরার কথা হয়েছিল। কিন্তু কোনও না কোনও কারণে শেষ মুহূর্তে এসে সেই কাজ নাকি হাতছাড়া হয়ে যেত তাঁর। যদিও এর কারণ হিসেবে তিথি টলিপাড়ায় স্বরূপ বিশ্বাসের প্রভাবকেই দায় করেছিলেন। তবে এবার নতুন চরিত্রে, বড়পর্দায় তাঁর ফেরার অপেক্ষা।