দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা আর মাত্র কয়েক দিনের অপেক্ষায় তাঁদের জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। গত বছরেই বাগদান সেরে ফেলা এই জুটিকে সোমবার হায়দরাবাদ থেকে উদয়পুরের উদ্দেশে উড়তে দেখা যায়। আর তারপর সেখান থেকেই জোর জল্পনা, এই রাজকীয় শহরেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ের ভেন্যুতে রাখা হয়েছে একটি-দু'টি নয়, বরং তিন স্তরের নিরাপত্তা বলয়! স্থানীয় প্রশাসনের পাশাপাশি হায়দরাবাদ থেকে বিশেষ নিরাপত্তাকর্মী আনা হয়েছে। তার উপর আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকেও যুক্ত করা হয়েছে, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ থাকে।
দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। যদিও দু’জনেই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন, রবিবার একই বার্তায় সামাজিক মাধ্যমে বিয়ের কথা ঘোষণা করে সেই জল্পনার অবসান ঘটান। নিজেদের সম্পর্ককে তাঁরা ভক্তদের দেওয়া নামেই স্বীকৃতি দিয়েছেন -‘ভিরোশ’। বার্তায় লিখেছেন, পরিকল্পনা করার আগেই ভক্তরা তাঁদের একসঙ্গে দেখেছেন, ভালবেসেছেন, আর সেই ভালবাসার স্বীকৃতিতেই তাঁদের এই মিলনের নাম, “দ্য ওয়েডিং অফ ভিরোশ”।
সূত্রের খবর, বিয়েটি হবে একেবারেই ঘনিষ্ঠ পরিসরে। পরিবারের সদস্য ও হাতে গোনা কিছু বন্ধুই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। তবে ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুদের জন্য আলাদা রিসেপশনের আয়োজন রাখা হয়েছে, যা ৪ মার্চ হায়দরাবাদে হওয়ার কথা।
রশ্মিকা ও বিজয়ের পরিচয় বহু বছরের। ২০১৮ সালে মুক্তি পাওয়া গীত গোবিন্দম-এ প্রথম জুটি বাঁধেন তাঁরা। পরের বছর ডিয়ার কমরেড ছবিতেও একসঙ্গে দেখা যায়। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব নিয়ে গুঞ্জন শুরু। কখনও একই বাড়ি থেকে ছবি, কখনও একসঙ্গে ছুটি কাটানোর আভাস, সব মিলিয়ে ভক্তদের কাছে এই সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’।
&t=313s
অবশেষে গত বছরের অক্টোবরে ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সেরে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন তাঁরা। আর এখন, সব জল্পনা পেরিয়ে, বিয়ের মঞ্চে উঠতে চলেছেন দক্ষিণী সিনেমার এই বহুল আলোচিত জুটি।
