বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে প্রথম স্থানে জায়গা পাচ্ছে না 'পরশুরাম'। তবে এবার ৫.৯ নম্বর পেয়ে এই ধারাবাহিক প্রথম স্থান দখল করেছে। এখন পরশুরাম-তটিনীর জীবনে আসছে নতুন মোড়। অতীতের মুখোমুখি হতে চলেছে পরশুরাম। সেই অতীতের সঙ্গে তটিনীর জীবনেও উঠবে নতুন ঝড়। এই নিয়েই এখন টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে ধারাবাহিকে। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। প্রাপ্ত নম্বর ৫.৬। পরিণীতায় পারুল-রায়ানের সম্পর্কের দুষ্টু-মিষ্টি মোড় বেশ পছন্দ করছেন দর্শক। তাই টিআরপিতে মাঝেমধ্যেই চমক দেয় এই মেগা।
তৃতীয় স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। 'জোয়ার ভাঁটা' ও 'রাঙামতি তীরন্দাজ' যৌথভাবে পেয়েছে ৫.৫। একদিকে 'জোয়ার ভাঁটা'য় যেমন নিশাকে অপরাধ জগৎ থেকে সরিয়ে আনার জন্য উঠেপড়ে লেগেছে উজি, তেমনই রাঙামতি এখন নতুন মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘরে-বাইরে দু'দিকই সামলাচ্ছে এখন সে। ৫.৩ নম্বর পেয়ে এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। প্রেম ও ভক্তির মিশেলে এগিয়ে চলছে জি বাংলার এই ধারাবাহিক। পুনর্জন্মের গল্প দেখতে দারুণ পছন্দ করছেন দর্শক মহল। পঞ্চমে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৫.০ নম্বরে যৌথভাবে এই স্থানে রয়েছে 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি' ও 'কুসুম'। বিদ্যা ও কুসুমের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে এখন বেশ ধুন্ধুমার পর্ব চলছে দুই ধারাবাহিকেই।
ষষ্ঠ স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'। স্টার জলসার এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৪.৯ নম্বর। সপ্তম স্থানে আছে নতুন ধারাবাহিক 'গঙ্গা', পেয়েছে ৪.৭। অষ্টমে ৪.৫ পেয়ে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। নবম স্থানে 'দাদামণি', প্রাপ্ত নম্বর ৪.৩। দশমে আছে 'চিরদিনই তুমি যে আমার'। চলতি সপ্তাহে আর্য-অপুর গল্প পেয়েছে ৪.১ নম্বর।
প্রসঙ্গত, এই সপ্তাহে প্রতিটি ধারাবাহিকের নম্বরই পাঁচের ঘরে। নম্বরের অনুপাতে তেমন ফল করতে পারেনি কোনও ধারাবাহিকই। এদিকে, জি বাংলায় আসছে দুটি নতুন ধারাবাহিক। 'কমলা নিবাস ও অন্নপূর্ণার লক্ষ্মীরা'। দুই মেগার প্রোমো প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত সম্প্রচারের সময় ঘোষণা হয়নি। অন্যদিকে, স্টার জলসার আসছে এক নতুন ধারাবাহিক 'সংসারের সংকীর্তন'।
















