চলতি বছরের একদম গোড়ায় দেব ঘোষণা করেন তাঁর একগুচ্ছ নতুন প্রজেক্টের কথা। আর তারই অন্যতম হল 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। এই ছবিটি ২০২৬ সালের অগাস্ট মাসে মুক্তি পাবে। আগেই জানা গিয়েছিল, 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'য় দেবের বিপরীতে থাকবেন রুক্মিণী মৈত্র। এছাড়া অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রীপর্ণা রায়কে। এবার জানা গেল, আরও এক জনপ্রিয় অভিনেত্রীও থাকছেন এই ছবিতে। কে তিনি? স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়।
সদ্যই 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটির শুটিং শেষ হয়েছে। এরপর অনুষ্ঠিত হয়ে গেল ছবির র্যাপ আপ পার্টি। সেখানেই বসেছিল তারকার হাট। ছবির সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এসেছিলেন দেব, রুক্মিণী মৈত্র, শ্রীপর্ণা রায়, সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, লেখক জুটি রোহিত সৌম্য। ছিলেন স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়ও। এদিন তিনি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটির র্যাপ আপ পার্টির একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। একই সঙ্গে জানান দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
স্বৈরিতি এদিন ইনস্টাগ্রামে লেখেন, 'ভীষণ কৃতজ্ঞ এবং ভাল লাগছে দেব, রুক্মিণী মৈত্রর সঙ্গে এই দুর্দান্ত সুন্দর সফরের অংশ হতে পেরে। যেটা একটা সুযোগ হিসেবে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত সেটা আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠল। কত কিছু শিখলাম, উন্নতি করলাম আর অনেক অবিস্মরণীয় স্মৃতি তৈরি হল।' তিনি এদিন আরও লেখেন, 'এত প্যাশনেট, ডেডিকেটেড টিমের অংশ হতে পারা আশীর্বাদের থেকে কিছু কম নয়। এই সফরের প্রতিটি মুহূর্ত আমায় কিছু না কিছু নতুন শিখিয়েছে, সেটা ব্যক্তিগত বলুন বা কাজের নিরিখে। যে ভালবাসা, সমর্থন এবং ক্রিয়েটিভিটি সবার থেকে পেয়েছি, সেটা এই অভিজ্ঞতাকে অনন্য করে তুলেছে। এটা আমার সঙ্গে আজীবন থেকে যাবে।'
এই বষয়ে জানিয়ে রাখা ভাল, স্বৈরিতি বন্দ্যোপাধ্যায় ছোটপর্দার অতি পরিচিত মুখ। কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজ এবং ছবিতেও। এবার তাঁকে নতুন রূপে দর্শক দেখতে চলেছেন। এদিন স্বৈরিতি যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে তাঁকে রুক্মিণী, দেবের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। বাদ যায়নি কেক কাটা সহ অন্যান্য মুহূর্তের ছবি।
প্রসঙ্গত 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিতে উঠে আসবে উত্তরবঙ্গের সমাজসেবক করিমূল হকের কথা। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেব। এই ছবির শুটিংয়ে দেব এবং রুক্মিণী দু'জনেই সম্প্রতি মেহেন্দি পরে ছবি দিয়েছিলেন। আর সেটা দেখেই শুরু হয় তাঁদের বিয়ের জল্পনা। পরে বোঝা যায়, আদতে সেটা 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবির জন্য। স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাচ্ছে ছবিটি।
