'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে আসছে নতুন চমক। টিআরপি তালিকায় ইতিমধ্যেই এই ধারাবাহিক সেরা ১০ -এ নিজের জায়গা পাকা করে নিয়েছে। এবার গল্পকে আরও টানটান করতে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র। 

'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে পল্লবীর চরিত্রে এন্ট্রি নিলেন অঙ্কিতা বিশ্বাস। এর আগে তিনি 'আনন্দী' ধারাবাহিকে নজর কেড়েছিলেন। কাজ করেছেন 'মালাবদল', 'লাভ বিয়ে আজকাল', 'গৌরী এল'র মতো ধারাবাহিকে। এবার নতুন চরিত্রে, নতুন রূপে নজর কাড়তে প্রস্তুত তিনি। 

প্রসঙ্গত 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে দেখা যাচ্ছে ঝাঁপির বন্ধু চূর্ণীর বিয়ে ঠিক হয়েছে। কিন্তু তার হবু বর এবং জায়ের কথাবার্তা, আচার, আচরণ মোটেই সুবিধার লাগেনি ঝাঁপির। বরং বারবার খটকা লাগছে। ঝাঁপি বুঝতে পারে কোথাও সমস্যা আছে। চূর্ণীর বিয়ের দিন দীপকে নিয়ে নীলাভর বিষয়ে খোঁজ নিতে যায় নায়িকা। কিন্তু খোঁজ নিয়ে ফেরার আগে দেখে তাদের বিয়ে হয়ে গিয়েছে। এমন অবস্থায় বন্ধুকে কী করে সে বিপদ থেকে বাঁচাবে, আগলে রাখবে সেই দিকেই নজর থাকবে। তবে সবটা মিলিয়ে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের গল্প যে বেশ জমে উঠেছে সেটা বলাই যায়। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী। 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিক থেকে নজর কেড়েছেন শুভস্মিতা, অন্যদিকে সৌরভ দীর্ঘদিন পর পরিচালনা থেকে অভিনয়ে এলেন। স্টার জলসার পর্দায় প্রতিদিন দেখা যায় এই ধারাবাহিক। রোজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সম্প্রচারিত হয় এই মেগা।

প্রসঙ্গত সদ্যই বিরাট মোড় এসেছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে। গল্পে নায়ক-নায়িকার মাঝে এসেছে তৃতীয় ব্যক্তি। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল যে দীপ ও ঝাঁপি একটুর জন্য গুণ্ডাদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছে। আর তখনই ঝাঁপির সঙ্গে ধাক্কা লাগে একজনের, দু'জনেই মাটিতে পড়ে যায়। দীপ ওই ব্যক্তিকে চিনতে পারে। সে তাদের পরিচিত, নাম ঋষভ। দীপ তাকে জিজ্ঞেস করে যে এতদিন পর ঋষভ এখানে কী করছে? জবাবটা ঝাঁপিই দেয়। সে জানায়, দীপ তার ব্যাঙ্কের সিইও হিসেবে জয়েন করেছে। এরপর দেখা যায় ঋষভ গিটার বাজিয়ে গান গাইছে ব্যাঙ্কের ভিতরে। শুধু তাই-ই নয়, গানের ফাঁকে ঝাঁপির সঙ্গে খুনসুটিও চলছে তার। বলাই বাহুল্য ঋষভের এন্ট্রিতে দীপ হিংসে অনুভব করছে। গল্প কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।