সিনেমা দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে ক্রিস্টোফার নোলান। তাঁর সাম্প্রতিক মহাকাব্যিক ছবি 'দ্য ওডিসির' বক্স অফিসে সুনামি তোলার পাশাপাশি বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসায় ভাসছে। তবে এর মাঝেই ভারতীয় সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন খোদ নোলান। নিউ ইয়র্কের বিখ্যাত 'ক্রাইটেরিয়ান ক্লোজেট'-এ দাঁড়িয়ে বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি বাঙালি পরিচালক সত্যজিৎ রায় এবং তাঁর মাস্টারপিস 'পথের পাঁচালী' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ব্রিটিশ-আমেরিকান পরিচালক। না, শুধুই 'পথের পাঁচালী' বললে ভুল হবে। অপু ট্রিলজি নিয়েই নিজের ভাললাগা আগলহীনভাবে জানিয়েছেন তিনি।
ক্রাইটেরিয়ান কালেকশনের শেয়ার করা একটি ভিডিওয় দেখা গেছে, নোলান শেলফ থেকে নিজের পছন্দের সব ধ্রুপদী সিনেমা বেছে নিচ্ছেন। সেখানেই তাঁর নজর কাড়ে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি—'দ্য অপু ট্রিলজি' ।
সত্যজিৎ রায়কে সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে উল্লেখ করে নোলান বলেন, "এর পরেই রয়েছে সত্যজিৎ রায়ের 'দ্য অপু ট্রিলজি', যিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। এই ট্রিলজির শুরুটা হয় 'পথের পাঁচালী' দিয়ে, যা এককথায় অবিশ্বাস্য একটি ছবি। এটি সত্যিই আমার মন কেড়ে নিয়েছে। অবশ্য ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় পর্ব এখনও আমার দেখা হয়নি, তাই এই বক্স সেটটি পেয়ে এবং বাকি গল্পটা শেষ করার জন্য আমি দারুণ রোমাঞ্চিত।" বলতে বলতে ট্রিলজির তিনটি ডিভিডি নিজের ঝোলা ব্যাগে পুরে ফেলেন নোলান। স্বস্তির হাসি তখন তাঁর মুখে।
?utm_source=ig_web_button_share_sheet
নোলানের মুখ থেকে ভারতীয় সিনেমার এই রত্নের এমন অকুণ্ঠ প্রশংসা দেখে সোশাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, "একজন মহান পরিচালক আর এক মহান পরিচালকের কাজকে সম্মান জানালেন।" আবার কেউ মন্তব্য করেছেন, "একজন ওস্তাদই অন্য ওস্তাদকে চিনতে পারেন।"
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি সত্যজিৎ রায়ের 'দ্য অপু ট্রিলজি'—'পথের পাঁচালী' (১৯৫৫), 'অপরাজিত' (১৯৫৬) এবং 'অপুর সংসার' (১৯৫৯)—বিশ্ব সিনেমার ইতিহাসে এক মাইলফলক। কান, বার্লিন এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে একাধিক আন্তর্জাতিক সম্মান অর্জনের পাশাপাশি এই ট্রিলজি বিশ্বজুড়ে মাস্টারপিস হিসেবে সমাদৃত।
অন্যদিকে, হোমারের বিখ্যাত মহাকাব্যের ছায়ায় নির্মিত নোলানের 'দ্য ওডিসি' বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে চলেছে। ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে এবং টম হল্যান্ড অভিনীত এই ছবি মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৩৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ভারতেও ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে বছরের সবচেয়ে ব্যবসাসফল হলিউড ছবির তকমা অর্জন করেছে।
















