কিছু সিনেমার শেষ শুধু বিনোদন দেয়, কিন্তু কিছু শেষ দীর্ঘসময় রেখে যায় রেশ। ধুরন্ধর দ্য রিভেঞ্জ দর্শকমনে গভীর দাগ কেটেছে৷ মুক্তির কয়েকদিন পরেও দর্শকরা ছবির শেষ দৃশ্য নিয়ে আলোচনা করছেন, যা প্রমাণ করে এটি কতটা গভীরভাবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এই ছবি।
ছবির শেষ অংশে রণবীর সিং অভিনীত চরিত্র জাসকিরাত সিং রঙ্গি পাঞ্জাবে ফিরে আসে। সে তাঁর পরিবারের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকে।যাঁদের সঙ্গে দেখা করার জন্য সে দীর্ঘদিন অপেক্ষা করেছে তাদের কাছ থেকে দেখেও ছুটে যেতে পারে না। যেন অনতিক্রম্য দূরত্ব৷
পরিবারের মানুষদের কাছে যাওয়ার বদলে নীরবতাকেই বেছে নেয় জাসকিরাত৷ দূর থেকে সে তার মা ও বোনকে দেখে এবং তারপর চুপচাপ সেখান থেকে চলে যায়। অথচ এই ছবির দৃশ্য একটু অন্যরকম হলেই সৃষ্টি হত এমন এক মুহূর্ত, যা সবকিছু বদলে দিতে পারত।
কোনও পুনর্মিলন নেই। কোনও জড়িয়ে ধরা আবেগঘন মুহূর্ত নেই৷ নেই কোনও কথা। কাছে এসেও দূরে যাওয়া, এই অভাবটাই ছবির শেষ দৃশ্যটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে৷ পরিচালক আদিত্য ধরের মুন্সিয়ানার ছাপ স্পষ্ট। কিন্তু এই নীরব দূরত্ব দিয়ে ছবির সমাপ্তি ঘোষণার সিদ্ধান্ত দর্শকদের মধ্যে বিভাজন তৈরি করেছে। অনেকে এর বাস্তবতাকে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বলেছে এই দৃশ্য হৃদয়বিদারক।
ডিজিটাল শিল্পী অঙ্কিত অরোরার তৈরি একটি এআই-জেনারেটেড ভিডিও দর্শকদের সামনে নতুন রূপে উপস্থাপন করা হয়েছে৷ যেখানে জাসকিরাত ফিরে আসার পরে আর দূরে চলে যায় না। সে অবশেষে তার পরিবারের সঙ্গে দেখা করে, যা অনেক দর্শকের মতে গল্পটিকে সেই মিলনান্তক আবেগপূর্ণ পরিসমাপ্তি দেয়, যা তাঁরা দেখতে চেয়েছিলেন৷
এই নতুনভাবে কল্পনা করা শেষদৃশ্য দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে৷ নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
একজন লিখেছেন, “ এই শেষটা আমাদের সবার জন্য প্রয়োজন ছিল।” আরেকজন মন্তব্য করেছেন, “অনেকদিন পর এত ভালো একটি রিল দেখলাম।" একটি মন্তব্যে লেখা, “আদিত্য ধর আমাদের টাইটানিক-লেভেলের ট্রমা দিয়েছেন।” আরেকজন বলেন, “এই দৃশ্য আমাকে কাঁদিয়েছে।” আরও কেউ যোগ করেন, “এটা সত্যিই দরকার ছিল।” বক্স অফিসেও ছবিটি রেকর্ড গড়ছে।
