‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনার তেরি সরকে’ মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ উঠেছে, নোরা ফতেহি এবং সঞ্জয় দত্ত এই গানের কথা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অত্যন্ত কুরুচিকর শব্দে ঠাসা। এই 'আইটেম ডান্স' ঘিরে যখন তুমুল সমালোচনা চলছে, তখন অবশেষে এনিয়ে মুখ খুললেন ছবির পরিচালক প্রেম। শুধুই কি বিতর্কের জন্য এমন গান ছবিতে রাখা হয়েছে? স্পষ্ট জানালেন নিজের মতামত।
প্রেম সাফ জানিয়েছেন যে, প্রচার পাওয়ার জন্য বা সস্তা বিতর্কের উদ্দেশ্যে তিনি এই গানটি তৈরি করেননি। তাঁর কথায়, "কেন আমি বিতর্ক চাইব? আমার ছবিটি একটি আবেগঘন সিনেমা।" তাঁর দাবি, গানটি কেবল পার্টিতে নাচার জন্য তৈরি করা হয়েছিল এবং কর্ণাটক ও কেরালায় এটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল।
গানটির আপত্তিকর হিন্দি কথা নিয়ে প্রেম জানান যে, তিনি মূল কন্নড় গানটি লিখেছিলেন এবং সেখানে কোনও সমস্যা হয়নি। কিন্তু হিন্দি অনুবাদের সময় কী ধরণের শব্দ ব্যবহার করা হয়েছে, তা তিনি বুঝতে পারেননি কারণ তিনি হিন্দিতে অতটা দক্ষ নন। তাঁর সংযোজন, "আমি গ্রাম থেকে আসা মানুষ, যেখানে 'নিচে মত গিরা, উঠাও' (নিচে ফেলো না, তোলো) জাতীয় কথাগুলো দৈনন্দিন জনপদ সাহিত্যের অংশ।" হিন্দি গীতিকার রাকিব আলমের অনুবাদে যে ভিন্ন অর্থ তৈরি হয়েছে, সেটি তাঁর নজর এড়িয়ে গিয়েছেন বলে দাবি করেন পরিচালক।
পরিচালক স্পষ্ট জানান যে, যদি এই গানের মাধ্যমে কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। বিতর্কের মুখে ইতিমধ্যেই গানটির আপত্তিকর লাইনগুলো সংশোধন করা হয়েছে এবং নতুন সংস্করণটি সেন্সর বোর্ডে পাঠানো হচ্ছে। প্রেমের মতে, একটি ছোট গানের ভুলকে অনেক বেশি বড় করে দেখানো হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, "পৃথিবীতে যুদ্ধের মতো কত বড় বড় সমস্যা আছে, রান্নার গ্যাসের সমস্যা রয়েছে, সে সব ছেড়ে একটি গান নিয়ে কেন এত বড় বিতর্ক তৈরি করা হল?"
উল্লেখ্য, এই গানের হিন্দি সংস্করণের কথাগুলো অত্যন্ত অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ হওয়ার অভিযোগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এটি নিষিদ্ধ করেছে এবং ইউটিউব থেকে গানটি সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, নোরা ফাতেহিও নিজেকে এই বিতর্ক থেকে দূরে সরিয়ে দাবি করেছেন যে, মূল কন্নড় সংস্করণে শুটিংয়ের সময় তাঁকে গানের কথার যে অর্থ বলা হয়েছিল, হিন্দি সংস্করণের সঙ্গে তার কোনও মিল নেই। সবমিলিয়ে, পরিচালকের সাফাই সত্ত্বেও এই গানটি ঘিরে বিনোদন জগতে জোর চর্চা জারি রয়েছে।
