দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ‘থালাপথি’ বিজয় এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থিরু এম কে স্ট্যালিনের পরিবারের সমীকরণ রাজনীতি ও সিনেমা দুই দুনিয়াতেই সবসময় চর্চায় থাকে। এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন বিজয়ের পুত্র জেসন সঞ্জয়। খুব শীঘ্রই পরিচালক হিসেবে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। ছবির নাম ‘সিগমা’। তবে ছবি রিলিজের আগেই এক বিস্ফোরক সাক্ষাৎকারে জেসন জানালেন, ‘প্রেমাম’ খ্যাত প্রখ্যাত পরিচালক আলফনস পুথ্রেন তাঁকে নায়ক হিসেবে লঞ্চ করার প্রস্তাব দিয়েছিলেন! কিন্তু সেই লোভনীয় প্রস্তাব সপাটে ফিরিয়ে দেন জেসন।
সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে জেসন নিজের ডেবিউ ফিল্ম এবং অভিনয় জীবন নিয়ে একাধারে জল্পনা জিইয়ে রাখলেন! বিজয়-পুত্র জানিয়েছেন, যখন পরিচালক আলফনস পুথ্রেন তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন, তখন ওঁর বয়স ছিল মাত্র ২০ বছর। কিন্তু সেই সময়েই তিনি অভিনয়ে ‘না’ বলে পরিচালনার দিকে মন দেন। সম্প্রতি ‘সিগমা’ ছবির একটি প্রচারমূলক ভিডিও ‘সিগমা স্টাইল’-এ জেসনকে নাচতে দেখা গিয়েছে। আর তাতেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তবে কি বাবার মতোই পর্দায় নায়ক হয়ে আসছেন ছেলে?


জেসনের স্পষ্ট উত্তর, “আমি অভিনেতা হওয়ার জন্য ওই প্রমোশনাল গানে পা মেলাইনি। গানটি ছবির মূল গল্পের বাইরে, তাই স্রেফ মজার ছলে করেছি। ছবির টিমের সঙ্গে দর্শকদের পরিচয় করানো এবং ছবির স্টাইলটা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।” তবে এখনই অভিনয়ের দরজা পুরোপুরি বন্ধ করছেন না থালাপথি-পুত্র। রহস্য জিইয়ে রেখে বললেন, “যখন আপনি একজন পরিচালক এবং সেটে অভিনেতাদের দৃশ্যটা বুঝিয়ে দিচ্ছেন...তখন আপনার ভেতরেও একজন অভিনেতা বাস করে। তবে এখন আমার একমাত্র দায়িত্ব ‘সিগমা’ সফলভাবে রিলিজ করা। ছবি মুক্তির পরই ভাবব অভিনয় করব না কি পরিচালনা-ই চালিয়ে যাব।”

লাইকা প্রোডাকশনসের ব্যানারে তৈরি এই হাই-ভোল্টেজ হাইস্ট থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ কিষাণ এবং ফারিয়া আবদুল্লা।


‘সিগমা’ ছবিটি আগামী ৩১শে জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও, ফিল্মি পাড়ার গুঞ্জন— ছবিটির মুক্তি আগস্ট মাসে পিছিয়ে যেতে পারে। আর এর নেপথ্যে রয়েছে খোদ জেসনের বাবা বিজয়ের বহুপ্রতীক্ষিত ছবি ‘জননায়গন’!
এইচ বিনোথ পরিচালিত ‘জননায়গন’ ছবিটিতে বিজয়ের সঙ্গে রয়েছেন মামিতা বৈজু, ববি দেওল এবং পূজা হেগড়ে। চলতি বছরের জানুয়ারি মাসে পোঙ্গল উৎসবের সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে ছবিটি আইনি জাঁতাকলে আটকে যায়। দীর্ঘ ৭ মাস পর, অবশেষে রিভাইজিং কমিটির একাধিক কাটছাঁট ও পরিবর্তনের পর ছবিটিকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। গত বুধবারই ঘোষণা করা হয়েছে যে, আগামী ২৩শে জুলাই পর্দায় ঝড় তুলতে আসছে ‘জননায়গন’। আর বাবার এই মেগা রিলিজের কারণেই বক্স অফিসের সংঘাত এড়াতে ছেলের ‘সিগমা’ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে খবর।