সম্প্রতি ব্যক্তিগত জীবন এবং আইনি জটিলতা নিয়ে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় যে তুমুল বিতর্কের মুখে পড়েছেন, তা নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা। চেন্নাইয়ে নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’-এর নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি। বিজয়ের স্পষ্ট কথা, তাঁকে ঘিরে চলা সাম্প্রতিক সমস্যাগুলি নিয়ে অনুরাগীদের দুশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই।

৫১ বছর বয়সী এই অভিনেতা, রাজনীতিবিদ মঞ্চে দাঁড়িয়ে বলেন, "আমার চারপাশের সমস্যাগুলো নিয়ে দয়া করে আপনারা বিচলিত হবেন না। এগুলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করার মতো কোনও বড় বিষয়ই নয়। আমার সমস্যা আমি নিজেই সামলাতে জানি। তবে আমার খারাপ লাগে তখন, যখন দেখি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা মানসিক চাপে ভুগছেন। দয়া করে এই বোঝা নিজেরা বয়ে বেড়াবেন না।" 

অনুরাগীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ব্যক্তিগত বিতর্কে কান না দিয়ে বরং জনকল্যাণমূলক কাজে মন দেওয়াই এখন সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে বিজয়ের বিবাহবিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমে নানা জল্পনা চলছে। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। সঙ্গীতার অভিযোগ, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এর পাশাপাশি তিনি আদালতে বাসস্থানের অধিকার এবং আর্থিক সাহায্যেরও আবেদন জানিয়েছেন। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই বিতর্ক আরও জোরালো হয়।

বর্তমানে অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করলেও বিজয়ের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং। একদিকে সম্পর্কের ভাঙন আর অন্যদিকে রাজনৈতিক কেরিয়ারের শুরু-সব মিলিয়ে এক উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এদিনের অনুষ্ঠানে তাঁর আত্মবিশ্বাসী বক্তব্য এটিই প্রমাণ করল যে, শত বিতর্কেও তিনি দমে যাওয়ার পাত্র নন। বিজয় বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত ঝড় সামলে তিনি এখন তামিলনাড়ুর রাজনীতির ময়দানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে বদ্ধপরিকর। অনুরাগীদের প্রতি তাঁর এই অভয়বাণী নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।