অতীতের পথে এগিয়ে যাবে অদ্বিতীয়া ও গোরা। গোরার ভালবাসা পাওয়ার জন্য বিরাট পদক্ষেপ অদ্বিতীয়ার। টানটান উত্তেজনাপূর্ণ মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'। সম্প্রতি এই মেগার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, অদ্বিতীয়া ফুল মুরারী কাব্যের চতুর্থ খণ্ড পড়ে ফেলেছে।
সেখানে উল্লেখ আছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার নামে চাবিকাঠি একত্র করতে হবে। সেই তিন চাবিতেই খুলবে অতীতের দরজা। গোরার ভালবাসা পেতে গেলে তাদের ফুল ও মুরারীর সময়ে পৌঁছতে হবে। কিন্তু দিতি কি পারবে এই অসাধ্য সাধন করতে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক।
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল অদ্বিতীয়ার সমস্ত স্মৃতি ফিরে এসেছে। কপোতাক্ষ নদীর তীরে যেতেই তার মনে পড়েছে অতীতের সমস্ত কথা। দেখা গিয়েছিল, গোরাদের বাড়িতে মহাসমারোহে রথের আয়োজন করা হয়েছে। স্বামীর সঙ্গে মিলে রথ টানছে দিতি। সেই সময়ই সে নায়ককে বলে, রথের দিন তার প্রশ্নের দিতে হবে গোরাকে। কোন প্রশ্ন? অদ্বিতীয়া বলে, গোরা তাকে জানিয়েছিল তার স্মৃতি ফেরার পরও যদি সে গোরাকে ভালবাসে, তাহলে গোরাও তাকে ভালবাসবে। দিতি তাকে ভালবেসে ফেলেছে বলে জানায়। বলে দেয় মনের কথা। এরপরই সে গোরাকে প্রশ্ন করে, সেও তাকে এবার ভালবাসবে কিনা?
স্ত্রীর এই প্রশ্নের কোনও উত্তর দিয়ে উঠতে পারে না গোরা। চুপ করে যায়। অস্বস্তিতে পড়ে। তবে কি সে এখনও রূপকে ভুলতে পারেনি? প্রথম স্ত্রীকেই ভালবাসে? গোরার ভালবাসা পাওয়ার জন্য মরিয়া অদ্বিতীয়া। সে কি পারবে অতীতের দরজা খুলে গোরাকে সবটা মনে করাতে? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন দর্শক।
















