বলিউডের সঙ্গীত জগতে নতুন বিতর্কের ঝড়। যশরাজ ফিল্মস (YRF)-এর বিরুদ্ধে সরাসরি বকেয়া পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় সুরকার তানিষ্ক বাগচী। ২০২৫ সালের অন্যতম সফল ও ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’ (Saiyaara)-র টাইটেল ট্র্যাকটি তৈরি করেছিলেন তিনি। কিন্তু বিশাল সাফল্যের পরেও প্রাপ্য টাকা বুঝে না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তানিষ্ক।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে তনিষ্ক জানান, যশরাজ ফিল্মসের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম কাজ। তিনি দাবি করেন, এই গানটির জন্য তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন এবং অত্যন্ত আবেগের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হল, ওয়াইআরএফ-এর তরফ থেকে তাঁকে যে সামান্য পারিশ্রমিক দেওয়া হয়েছিল, তার পুরোটাই গানটির মিক্সিং এবং লাইভ মিউজিক সেশনের কাজে খরচ হয়ে গিয়েছে। তানিষ্ক লেখেন, 'এই বিশাল হিট গানটি থেকে আমি আক্ষরিক অর্থেই কোনও টাকা আয় করিনি।'
তাঁর অভিযোগ এখানেই শেষ নয়। তিনি আরও জানিয়েছেন, রয়্যালটির হিসাব অনুযায়ী, এখনও তাঁর প্রায় আট লক্ষ টাকা বকেয়া রয়েছে। গানের কোটি কোটি ভিউ এবং বিশাল সাফল্যের তুলনায় এই আট লক্ষ টাকা তাঁর কাছে নিতান্তই সামান্য মনে হচ্ছে। এত পরিশ্রমের পর এমন অভিজ্ঞতা যে তাঁকে মানসিকভাবে কতটা আহত করেছে, তাও স্পষ্ট করেছেন তানিষ্ক।
জানা যাচ্ছে, ‘সাইয়ারা’ ছবিটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল এবং এর গানটিও ছিল সারা বছরের সেরা রোমান্টিক হিট। এই অবস্থায়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তানিষ্কের এই বিস্ফোরক অভিযোগ বিনোদন জগতে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে। তবে এই বিষয়ে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাজের প্রাপ্য নিয়ে যে বিতর্ক দানা বাঁধল, তা এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।
















