একতা কাপুরের জনপ্রিয় হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রাগিণী এম এম এস’ ফ্র্যাঞ্চাইজির নয়া ছবি ফের বড় পর্দায় ফিরতে চলেছে, এমন খবরেই ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। খবর, তৃতীয় কিস্তিতে মুখ্য ভূমিকায় থাকতে পারেন তমন্না ভাটিয়া ও আমির-পুত্র জুনায়েদ খান। পরিচালনায় থাকবেন শাশাঙ্ক ঘোষ। যদিও এখনও পর্যন্ত কোনও তরফেই এই ছবির কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই ছবিটির সম্ভাব্য নাম হতে পারে ‘রাগিণী ৩’, ‘রাগিণী এমএমএস ৩’ নয়। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজিটি নাকি নতুনভাবে ব্র্যান্ডিংয়ের পথে হাঁটছে। প্রথম দুই ছবির হরর-ইরোটিকা ঘরানা থেকে সরে এসে এবার অতিপ্রাকৃত উপাদানের ওপর বেশি জোর দিতে চাইছেন নির্মাতারা।
ও শোনা যাচ্ছে, ছবিটি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। আগে শোনা গিয়েছিল সাহির রাজা পরিচালনা করবেন। কিন্তু তাঁর চলতি নেটফ্লিক্স সিরিজ নিয়ে ব্যস্ততার কারণে ডেট নিয়ে সমস্যা তৈরি হয়। স্ট্রিমিং প্ল্যাটফর্মের নতুন নিয়ম অনুযায়ী শো-রানারের প্রতিদিন সেটে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ফলে ‘রাগিণী’ টিমকে বিকল্প ভাবতে হচ্ছে। নতুন পরিচালক খোঁজা হচ্ছে, তবে খুব শিগগির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত।
২০১১ সালে রাজকুমার রাও ও কাইনাজ মোতিওয়ালাকে নিয়ে শুরু হয়েছিল ‘ রাগিণী এমএমএস’। ২০১৪ সালে আসে ‘রাগিণী এমএমএস ২’, যা বিশেষ করে সানি লিওনের ওপর চিত্রায়িত ‘বেবি ডল’ গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। সূত্রের দাবি, তৃতীয় কিস্তিতে সেই ম্যাজিক ফেরানোর ভাবনা রয়েছে। এবার নাকি তমন্নাকে কেন্দ্র করেই বিশেষ গান পরিকল্পনা করা হচ্ছে।
&t=313s
তমন্না ভাটিয়া বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন ‘বন: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবির জন্য, যেখানে তাঁর সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। পাশাপাশি রোহিত শেট্টির প্রযোজনায় প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার বায়োপিকেও দেখা যেতে পারে তাঁকে। অন্যদিকে, জুনায়েদ খানকে শিগগিরই দেখা যাবে ‘এক দিন’ ছবিতে সাই পল্লবীর বিপরীতে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত টিজারে তাঁদের রসায়ন নজর কেড়েছে। ছবিটি পুরনো দিনের নিখাদ রোম্যান্সকে বড়পর্দায় ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে।
সব মিলিয়ে, ‘রাগিণী ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় ঘিরে কৌতূহল যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ধোঁয়াশাও। নাম বদল, ঘরানার রদবদল, পরিচালনায় টানাপোড়েন, এই সবকিছুর মাঝেই প্রশ্ন একটাই: নতুন রূপে ‘রাগিণী ’ কি আবার দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারবে?
