তাপসী পান্নু অভিনীত 'আস্সি' বর্তমানে চর্চায় রয়েছে তার গল্প এবং অভিনয়ের জন্য। আর তার মাঝেই এদিন অভিনেত্রী বলিউড তথা গোটা সিনে জগৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। বললেন বলিউড অভিনেত্রীদের বুকের খাঁজ নিয়ে 'অবসেসড'। অন্যদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বুক এবং কোমরের মাঝের অংশ নিয়ে ব্যস্ত। তাপসী এদিন এও জানান তিনি তাঁর কেরিয়ারের গোড়ার দিকে একদমই এই ধরনের চরিত্র করতে চাইতেন না। 

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তাপসী বলেন দক্ষিণী ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের বুক এবং নিতম্বের মাঝের অংশ নিয়ে যেমন মেতে থাকে, তেমনই বলিউড খাঁজের দিকে বেশি নজর রাখে। তবে তিনি এই বিষয়ে যা বলেছেন সেটা কোনও কনটেক্সট ছাড়াই ভাইরাল হয়েছে বলে জানিয়েছেন। একই সঙ্গে এও স্পষ্ট করেন, তাঁর কাছে সমস্যার বিষয় নজর, সেটা খারাপ নজরে ক্লিভেজ দেখা হোক বা কোমর। 

এদিন অভিনেত্রীর নিজের আগে বলা ভাইরাল বক্তব্যকে বুঝিয়ে আরও বলেন তিনি মোটেই এটা বলেননি যে হিন্দি সিনেমা অভিনেত্রীদের ক্লিভেজ এবং দক্ষিণ কোমর নিয়ে ব্যস্ত থাকে। এমনকী অভিনেত্রীর কথায় বলিউডে তাঁকে তাঁর কোমর দেখাতে বলা হয়নি বা প্যাডেড ব্রা পরতে বলা হয়নি। কারণ তিনি তেমন কোনও গ্ল্যামারাস চরিত্র করেননি। তাপসী জানান এটা যে কেবল অভিনেত্রীদের জন্য অস্বস্তির সেটা নয়, পরিচালকদের জন্যও অস্বস্তির বিষয়। কারণ তাঁকেই তো সেটা বোঝাতে হয়। ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়, কারণ সেটে সেই অর্থে অনেক সময়ই কোনও মহিলা সেটে থাকেন না। আর অভিনেত্রীরা নির্দেশ মতো পোশাক বদল করে এলে পরিচালককে দেখতে হয় ব্যাপারটা যেমন চাইছেন তেমন হয়েছে কিনা। তাপসী দাবি করেন, তামিল ও তেলুগু ছবির সেটে কখনও কখনও পরিচালকেরা নায়িকাদের ‘প্যাডেড ব্রা’ পরার পরামর্শ দেন, যাতে পর্দায় স্তনের নির্দিষ্ট অংশ বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে! অভিনেত্রীর মতে, এই ধরনের নির্দেশনা অনিবার্যভাবেই দৃষ্টি সরিয়ে নিয়ে যায় অভিনয় থেকে শরীরের দিকে।

তাপসী পান্নুর কাজের বিষয়ে বলতে গেলে, অভিনেত্রীকে অনুভব সিনহা পরিচালিত 'আস্সি' ছবিতে বর্তমানে দেখা যাচ্ছে এটি একটি কোর্টরুম ড্রামা ঘরানার ছবি। এখানে অভিনেত্রী একজন ধর্ষিতার আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়াও এখানে মুখ্য ভূমিকায় আছেন কানি কুশ্রুতি, রেবতী, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, প্রমুখ।