বলিউডের অন্যতম ঠোঁটকাটা এবং স্পষ্টবাদী অভিনেত্রী হলেন তাপসী পান্নু। তিনি কখনই তাঁর মনের কথা বিশেষ রেখে ঢেকে বলেন না। সম্প্রতি তিনি বলিউডের একটি সমস্যা নিয়ে মুখ খুললেন। জানালেন অতীতে তিনি মাত্র ৩০ বছর বয়সেই শুনেছিলেন যে রোমান্টিক ছবির জন্য তিনি 'মিসফিট'। তাঁর আর বয়স নেই রমকম ছবিতে অভিনয় করার। তাপসীর দাবি, কেবল বলিউড নয়, এই একই ভাবনা চিন্তা দক্ষিণী ইন্ডাস্ট্রিরও।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাপসী পান্নু এই বিষয়ে বলেন, 'আমি যখন হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি তখন আমার বয়স ২৪-২৫ হবে। একটা ঠিকঠাক চরিত্র পাওয়ার জন্য লড়াই করছিলাম। আর এটা করতে করতেই যেই ৩০ পেরিয়ে যাবে ওঁরা বলবেন, 'তুমি আর যোগ্য নও কোনও রমকম ছবির জন্য'।'
তাপসীর আরও সংযোজন, 'আজ পর্যন্ত এসব শুনে আমার একাধিকবার মনে হয়েছে, সেই চরিত্রের জন্য অল্প বয়সী কারও প্রয়োজন নেই। তাও তাঁরা সেই অল্প বয়সী কাউকেই খোঁজেন'। অভিনেত্রীর দাবি, এটা পুরুষদের সঙ্গে হয় না। কেবল মহিলাদের সঙ্গেই হয়। কিন্তু বয়স নিয়ে খোঁটা সকলকেই শুনতে হয় বলেই তাঁর দাবি।
দক্ষিণেও একই জিনিসের সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন তাপসী। তাঁর কথায়, 'দক্ষিণেও আমার সঙ্গে এই একই জিনিস ঘটেছে। যেই আমাকে তুলনায় একটু বয়স্ক কোনও অভিনেতার বিপরীতে কাস্ট করা হয়, অমনি অল্প বয়সী কোনও অভিনেতা আমার সঙ্গে আর কাজ করতে চান না। তখন ওঁদের দাবি, 'ও ওই অভিনেতার সঙ্গে কাজ করেছে, ওর সঙ্গে কাজ করব না'। কিন্তু এই কথাটা কই শাহরুখ খানকে বলে দেখান তো। কিং খানের সঙ্গে কাজ করলে জীবন বদলে যায়। ফলে সেটা এখানে ট্যাবু নয়, কিন্তু দক্ষিণে এই ট্যাবু সহ্য করেছি আমি।'
তাপসী পান্নুকে শেষবার 'আস্সি' ছবিতে দেখা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল। দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি।















