দীর্ঘ সময় পর আবারও ছোট পর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। বর্তমানে তাঁকে দর্শক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে দেখতে পাচ্ছেন। নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রথম থেকেই টিআরপি তালিকায় নজর কেড়েছে এই মেগা। আর তার মাঝেই এদিন বিদ্যার লুকে একটি ইঙ্গিতবহ পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী। 

স্বস্তিকা দত্ত এদিন 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র লুকেই একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'আপনি যদি চরিত্রকে বিচার করেন তাহলে তার মাধুর্য নষ্ট হয়ে যাবে। কিছু দিন আগে একটি উপন্যাস পড়তে গিয়ে এই লাইনটি পড়ি। খুবই অল্প বয়স, সবে মাত্র নিজের প্যাশন ফলো করা শুরু করেছি। আমি যেটা করি, সেটা করতে আমি ভালবাসি, কারণ পর্দায় সব এত বেশি বাস্তব হয়, আর বাস্তবে মেকি।' 

স্বস্তিকা এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'তুমি ঘুম থেকে ওঠো, তারপর বসে নিজের আত্মা, মুড, ত্বককে তৈরি করো। কিন্তু কখনও কখনও তোমার আত্মার মতো, ত্বকও ক্লান্ত হয়। স্বাস্থ্যও তাই। কিন্তু তাই বলে তুমি পারফরমেন্স নষ্ট করতে পারো না। সিন ছেড়ে দিতে পারো না। সকলে তোমার পারফরমেন্সের জন্যই বাইরে অপেক্ষা করে রয়েছেন। যাই হয়ে যাক না কেন ফাউন্ডেশন, লিপস্টিক, মাস্কারা, কাজল সহ তুমি বা ছাড়া, পারফর্ম করো। বাকিটা তোমার প্রিয় বন্ধু, তোমার দর্শকদের উপর ছেড়ে দাও। সহজে বলতে গেলে, ব্রণ, ক্ষতর দাগ মাঝে মধ্যে গেস্ট অ্যাপিয়ারেন্স দেয়। আর আমি এই অনাহুত অতিথিদের সঙ্গে কাজ করতে ভালবাসি।' প্রসঙ্গত, স্বস্তিকা এদিন যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাঁর গালে ব্রণ, ফুসকুড়ি দেখা যাচ্ছে। সেগুলোর কথাই তিনি তাঁর পোস্টে লিখেছেন। 

এ বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের গল্পে বর্তমানে দেখানো হচ্ছে উভয় সংকটে বিদ্যা। একদিকে তাকে দিয়ে জোর করে কলেজের বিষয়ে সই করানোর চেষ্টা চলছে, অন্যদিকে বিপদে তার ছাত্রী। এ হেন অবস্থায় নায়িকা কী করে সেটাই দেখার। 

প্রসঙ্গত, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। এটি রোজ রাত সাড়ে ৮টা থেকে দেখা যায়। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা। তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। সদ্যই এই ধারাবাহিক ১০০ পর্ব পার করেছে।