ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। সেই সঙ্গে টালমাটাল পরিস্থিতি টলিউড ইন্ডাস্ট্রিতেও। এর মাঝেই বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে ফেডারেশনের সঙ্গে নাকি আর যুক্ত নন স্বরূপ বিশ্বাস। কারণ, তাঁর মেয়াদ নাকি গত বছর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছে। তাহলে এই মুহূর্তে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স ওফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির পদে নেই তিনি? এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল স্বরূপ বিশ্বাসের সঙ্গে।
ফোন পেয়ে বেশ খানিকটা অবাক তিনি। তাঁর কথায়, "এরকম কোনও যুক্তি আমি দিইনি। কমিটি সাধারণত জুন-জুলাই মাসে গঠন হয়। এবছর এখনও পর্যন্ত সেই সময় আসেনি। যতদিন না নতুন কমিটি গঠন হবে, ততদিন পর্যন্ত তো আগের কমিটির মেম্বাররাই তাঁদের পদে আসীন থাকবেন। আসলে এখন পরিস্থিতি যা জটিল, তাতেই এমন ভুয়ো তথ্য ছড়াচ্ছে।"
টলিপাড়ায় ইম্পা নিয়েও শুরু হয়েছে জটিলতা।রাজ্যে পালা বদলের পর থেকেই ইম্পায় বৈঠকের দাবি তুলেছেন সদস্যরা। একই সঙ্গে এবার এই সংগঠন কীভাবে কাজ করবে তার কমিটিতে বদল আসবে কিনা সেটা নিয়েও চলছে জোর চর্চা। ইম্পার কার্যনির্বাহী কমিটিতে বদল আসবে কিনা, আগামীতে এই সংগঠন কীভাবে কাজ করবে সেটা জানতে চেয়ে বারংবার বৈঠক ডাকার কথা বলছেন সংগঠনের একাধিক সদস্যরা। বুধবার তেমনই একটি বৈঠক ডাকা হয়। কিন্তু যে বিষয়ে তাঁরা আলোচনা করতে চেয়েছিলেন সেটা হয় না। ফলে এবার শতদীপ সাহা, কৃষ্ণ নারায়ণ দাগা সহ একাধিক ব্যক্তিত্ব জানিয়েছেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে পুনরায় মিটিং না ডাকা হলে তাঁরা আইনের দ্বারস্থ হবেন। আর এই অশান্তি বাড়তে বাড়তে বুধবার এমন পর্যায় পৌঁছিয়েছে যে ইম্পায় পৌঁছলেন সিআরপিএফ জওয়ানরা। জানা গিয়েছে, ইম্পায় মিটিংয়ের মাঝে সিআরপিএফ এসেছিল ঘটনাস্থলে। ১৪৪ ধারা জারি হতে পারে বলেও শোনা যাচ্ছে।















