অ্যাসিস্টেন্ট ডিরেক্টর গিল্ডের কার্ড বাতিল হল প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। বহুদিন ধরেই এই জল্পনা চলছিল, এবার ইসি কমিটির সদস্যদের মিটিং-এ এই সিদ্ধান্তে আসা হয়েছে বলে খবর। 

নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের এক সদস্য আজকাল ডট ইন-কে জানান, স্বরূপ বিশ্বাস যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন না, তাঁর সঙ্গে কোনও ছবির সম্পর্ক নেই, ছিল না। সেই খবর আগেই জানা গিয়েছিল। কিন্তু তিনি কখনও নিজের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। অনেকদিন ধরেই তাঁর বিরুদ্ধে আক্রোশ থেকে স্বরূপের গিল্ড কার্ড বাতিলের জন্য উঠেপড়ে লেগেছিল বাকি সদস্যরা‌। অবশেষে মিটিংয়ে এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল।

জানা যাচ্ছে, তথ্য ও সংস্কৃতি দফতরে ইমেল পাঠিয়ে স্বরূপ বিশ্বাসের অনারারি কার্ড বাতিলের দাবি জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সব্যসাচী বসু। তাঁর অভিযোগ, এই বিশেষ কার্ডটিকে ঘিরে বছরের পর বছর ধরে কিছু অপ্রকাশিত নিয়ম চলে আসছিল, যার ফলে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন কর্মরত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররাই।

পাশাপাশি, সব্যসাচীর আরও অভিযোগ, গিল্ডে শেষবার নতুন সদস্যপদ দেওয়া হয়েছিল ২০১৮ সালে। গত আট বছর ধরে নতুন কোনও কার্ড ইস্যু করা হয়নি। এই দীর্ঘ সময় ধরে কেন এমন সিদ্ধান্ত বহাল রাখা হল, তার সদুত্তর বা স্পষ্ট ব্যাখ্যা কখনও সদস্যদের জানানো হয়নি বলেই তাঁর দাবি। এদিকে, বছরের পর বছর ধরে ফেডারেশনে কতৃত্ব ফলাচ্ছিলেন স্বরূপ। ফলে অনেক ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের। তাঁদের কারওর সঙ্গে কাজ বাতিলের মতো সমস্যা আবার কাউকে ব্যান করার মতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে স্বরূপ বিশ্বাস শ্লীলতাহানি থেকে শুরু করে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এবং এই মুহূর্তে জেলে রয়েছেন প্রাক্তন ফেডারেশন সভাপতি।