এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মেকআপ শিল্পীদের পারিশ্রমিক নেওয়ার অভিযোগ উঠল। এনিয়ে চারটি মামলা দায়ের হয়েছে অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে। একটি নিউ আলিপুর থানায় ও তিনটি রিজেন্ট পার্ক থানায়। 


টলিউডের মেকআপ শিল্পীদের পারিশ্রমিক থেকে দুই শতাংশ হারে কাটমানি নিতেন স্বরূপ, এমনই অভিযোগ সামনে এসেছে। মেকআপ শিল্পীদের থেকে ১ কোটি টাকা তোলাবাজির অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে মামলা। সেই মামলায় গত ২৭ জুন রিজেন্ট পার্ক থানায় স্বরূপকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। মামলাটিতে প্রাক্তন ফেডারেশন সভাপতিকে ফের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 


স্টুডিওপাড়ায় দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন বিশ্বাস ব্রাদার্স, এই অভিযোগে বহু দিন ধরে সরব হয়েছিলেন টলিপাড়ার তারকারা। বাংলায় পালাবদলের পর আরও জোরালোভাবে সোচ্চার হন তাঁরা। পরিবর্তিত পরিস্থিতিতে গত ৪ জুন নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করে স্বরূপ বিশ্বাসকে। টলিউডের এক মেকআপ আর্টিস্ট তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন টলিউডের ফেডারেশনের প্রাক্তন সর্বেসর্বা, তথা সভাপতি। 


প্রসঙ্গত, পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে ভিত্তিতেই আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে আসছে। ফেডারেশনের আরও চারজন প্রভাবশালী সদস্যকে নিউ আলিপুর থানায় ডেকে পাঠায় পুলিশ। যে চারজনকে ডেকে পাঠানো হয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে টলিপাড়ায় স্বরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ওঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। পুলিশের অনুমান, স্বরূপের বিরুদ্ধে যে তোলাবাজি এবং হুমকির অভিযোগ উঠেছে, তার বহু গোপন লেনদেন এবং নথির হদিস এই চারজনের কাছে রয়েছে। স্বরূপের দেওয়া বয়ানের সঙ্গে এই চারজনের বয়ান মিলিয়ে দেখেই সম্ভবত পুলিশ মামলার চূড়ান্ত চার্জশিট গঠন করতে চাইছে।

এরই মধ্যে স্বরূপের বিরুদ্ধে কাঠমানির অভিযোগ তুললেন মেকআপ শিল্পীরা। সিনেমার চিত্রনাট্যের মতোই টলিপাড়ার এই ‘রিয়েল লাইফ ক্রাইম ড্রামা’ এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর গোটা বিনোদন জগতের।