ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সুরভি জ্যোতি এবং তার স্বামী সুমিত সুরির ঘরে এল ছোট্ট সদস্য। মা-বাবা হলেন তাঁরা। গত ১৩ জুন, শনিবার, এই তারকা দম্পতির কোল আলো করে এসেছে তাঁদের প্রথম কন্যাসন্তান। নিজেদের এই আনন্দের খবর সুরভি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে নতুন অতিথির আগমনের কথা জানিয়েছেন অভিনেত্রী। তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে।' তাঁদের এই পোস্টে মুহূর্তের মধ্যেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। হিনা খান এবং অরিজিৎ তানেজার মতো সহকর্মীরা নবজাতককে ভালবাসা জানিয়েছেন। অনুরাগীরাও সুরভিকে মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী এ-ও জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা ভাল আছেও সন্তান ও সুস্থ আছে।
উল্লেখ্য, সুরভি এবং সুমিত ২০২৪ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের জিম করবেট রিসোর্টে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন। তাঁদের বিয়ের বিভিন্ন পরিবেশবান্ধব আচার-অনুষ্ঠান সেই সময় বেশ আলোচনার সৃষ্টি করেছিল। সুমিত পেশায় একজন প্রযোজক। তাঁকে 'খতরোঁ কে খিলাড়ি'-এর চতুর্থ সিজনে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল। চলতি বছরের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সুরভি তাঁর মা হওয়ার খবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন। বিয়ের প্রায় দু'বছরের মাথায় তাঁদের ঘরে এল কন্যা সন্তান।
প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কবুল হ্যায়’-এ জোয়া ফারুকি চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন সুরভি। এছাড়া ‘নাগিন ৩’-এর মতো সুপারহিট শো-তেও তাঁকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে।















