বিচ্ছেদের ঘোষণার পরে অভিনেত্রী মৌনী রায় এবং ব্যবসায়ী সূরজ নাম্বিয়ার সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আবারও ফলো করা শুরু করেছেন। তাঁরা আবারও একে অপরকে ফলো করতেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। মৌনী রায় এখনও তাঁর প্রোফাইলে সূরজের সঙ্গে বিয়ের ছবিগুলো রেখে দিয়েছেন। অন্যদিকে সূরজের ইনস্টাগ্রামেও মৌনী রায়ের একটি ছবি রয়েছে, যেখানে তাঁর মুখ অবশ্য দেখা যাচ্ছে না।

অবশেষে এই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মৌনী রায়ের সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদের খবর নিয়ে মুখ খুলেছেন তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার। তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, মৌনী ও তাঁর বিচ্ছেদের পিছনে কোনও খোরপোশ বা তৃতীয় কোনও ব্যক্তির হাত নেই। তিনি সরাসরি কারও নাম না নিলেও, নেটিজেনদের ধারণা তিনি 'তৃতীয় ব্যক্তি' হিসেবে দিশা পাটানির কথাই বলতে চেয়েছেন।

স্টোরিতে সূরজ নাম্বিয়ার লিখেছেন, 'আমাদের বিচ্ছেদ নিয়ে সাম্প্রতিক কিছু ভিত্তিহীন প্রতিবেদন অত্যন্ত কুরুচিকর এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। আমি একবারের জন্যই সবকিছু পরিষ্কার করে দিতে চাই। এখানে কোনও খোরপোশের ব্যাপার নেই, কোনো বিতর্ক নেই এবং এর পিছনে তৃতীয় কোনও ব্যক্তি জড়িত নেই।'

তিনি আরও লেখেন, 'মৌনী ও আমি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এবং একে অপরের মঙ্গলের কথা চিন্তা করেই একসঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আসল সত্যি। এ ছাড়া অন্য যা কিছু ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ কাল্পনিক, এবং কিছু ক্ষেত্রে এটা ইচ্ছাকৃতভাবে এমন দু’জন মানুষকে কলঙ্কিত করার চেষ্টা, যাঁরা কেবল একটু শান্তিতে থাকতে চেয়েছেন।'

সূরজ উল্লেখ করেছেন, 'আমি এটা স্পষ্টভাবে এবং শেষবারের মতো বলতে চাই: আমাদের দু’জনকে নিয়ে বা তৃতীয় কোনও ব্যক্তিকে নিয়ে যে সমস্ত দাবি করা হচ্ছে তার কোনও সত্যতা নেই। এর মধ্যে অন্য মানুষকে টেনে আনা একদমই ঠিক নয়; বিশেষ করে সেইসব নির্দোষ বন্ধুদের, যাঁদের এর সঙ্গে কোনও দূর-দূরান্তের সম্পর্ক নেই। মৌনী ও আমি, আমরা দু'জনেই এই কঠিন সময়ে নিজেদের মর্যাদা বজায় রেখে চলেছি, এবং যাঁরা এই খবরগুলো পরিবেশন করছেন তাঁদের কাছ থেকেও আমরা একই রকম মর্যাদা আশা করি।'

সবশেষে তিনি লেখেন, 'আমাদের যৌথ বিবৃতিতে যা বলার ছিল তা ইতিমধ্যেই বলা হয়ে গিয়েছে। আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে সেটাকে সম্মান জানান এবং আমাদের দু’জনকেই শান্তিতে থাকার সুযোগ দিন। ধন্যবাদ।' 

প্রসঙ্গত, সূরজ তাঁর বিবৃতিতে সরাসরি দিশার নাম না নিলেও অনেকেরই ধারণা তিনি দিশার দিকেই ইঙ্গিত করছিলেন, কারণ বিচ্ছেদের গুঞ্জনের মাঝে দিশা পাটানিকে বেশ কটাক্ষ করা হচ্ছিল।