জুটিতে ছবি?
দক্ষিণী তারকা ধনুষ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাম এখন শিরোনামে। অগাস্ট ২০২৫ থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে নেটপাড়ায় চর্চা তুঙ্গে। তবে এবার ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং পেশার খাতিরে। ‘জোর খবর, একটি নতুন ছবিতে একসঙ্গে কাজ করার জন্য কথা চলছে তাঁদের। শোনা যাচ্ছে, ছবিটি একটি নারী-প্রধান গল্প। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী, কেন্দ্রীয় নারী চরিত্রে ম্রুণাল ঠাকুরকে ভাবা হয়েছে, যেখানে তাঁর অভিনয়ের জন্য যথেষ্ট সুযোগ থাকবে। এই প্রজেক্টের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে খবর। খুব শীঘ্রই এই নতুন কোলাবরেশন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ধনুষ এবং ম্রুণালের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল গত বছরের অগাস্টে। ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়। এরপর ধনুষের ‘তেরে ইশক মে’ ছবির পার্টিতেও মৃণালের উপস্থিতি সেই জল্পনায় ঘি ঢালে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মৃণালের কর্মকাণ্ড, বিশেষ করে ধনুষের বোনদের ইনস্টাগ্রামে ফলো করা নিয়ে চর্চা আরও বাড়ে। তবে এই সম্পর্কের গুঞ্জন নিয়ে ধনুষ অথবা ম্রুণাল—কেউই এখনও মুখ খোলেননি, তাঁরা বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ নীরব।
অনুরাগের মুখে রাম-নাম
‘রামায়ণ’ নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি বি-টাউনের অন্দরেও উত্তেজনার শেষ নেই। অনুরাগ বসু, যিনি রণবীর কাপুরের সঙ্গে একাধিকবার কাজ করেছেন, তিনি এই চরিত্রের চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে রণবীরের সাহসের প্রশংসা করলেন। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-র সঙ্গে আলাপচারিতায় অনুরাগ বসু জানালেন, রামের মতো একটি পবিত্র ও শ্রদ্ধেয় চরিত্রে অভিনয় করার জন্য যে মানসিক কাঠিন্য প্রয়োজন, রণবীর তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।অনুরাগ বসু বলেন, “যখন রণবীর এই ছবিতে সই করেছিল, তখন আমি রাম হিসেবে তাকে যেভাবে কল্পনা করেছিলাম, বাস্তবে সে তার চেয়েও ভালো কাজ করেছে। আমি ঠিক এভাবেই রণবীরকে রামের লুকে চেয়েছিলাম। রণবীর চ্যালেঞ্জ নিতে ভালবাসে, আর রামের চরিত্রের জন্য সে যে পরিশ্রম করেছে তা সত্যিই প্রশংসনীয়।”
রামের মতো মহাকাব্যিক চরিত্রে অভিনয় করা যে মোটেও ছেলেখেলা নয়, তাও মনে করিয়ে দিলেন অনুরাগ। তিনি বলেন, “এটি অত্যন্ত কঠিন কাজ। রামের মতো একটি চরিত্রে অভিনয় করতে গেলে প্রচুর সাহসের প্রয়োজন হয়। এই জায়গায় নিজেকে নিয়ে আসা এবং সেই চরিত্রে প্রবেশ করার জন্য এক বিশেষ মানসিক পরিস্থিতির প্রয়োজন।” রণবীরের রাম রূপ নিয়ে অনুরাগ বসুর এই শংসাপত্র যে ভক্তদের জন্য এক বড় পাওনা, তা বলাই বাহুল্য। এখন শুধু সময়ের অপেক্ষা, বড় পর্দায় এই মহাকাব্যিক রামায়ণ কেমন ম্যাজিক তৈরি করে!
সানির ‘পরশুরাম’ অবতার
সানি দেওল ফের একবার অ্যাকশন অবতারে ফিরছেন। পরিচালক নিখিল নাগেশ ভাটের পরবর্তী ছবিতে সানি দেওলকে দেখা যাবে এক দুর্ধর্ষ ভূমিকায়। ছবির নাম নিয়ে দীর্ঘ জল্পনার পর অবশেষে নির্মাতারা সিলমোহর দিলেন। সূত্র মারফত খবর, ছবির নাম ‘লখন’ থেকে বদলে রাখা হয়েছে ‘পরশুরাম’।
















