শোকের ছায়া বিনোদন জগতে! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ও পরিচালক দেব আনন্দের পুত্র সুনীল আনন্দ। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর আচমকা এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

জানা গিয়েছে, জীবনের শেষ কিছুদিন বেশ অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেতা দেব আনন্দ এবং কল্পনা কার্তিকের পুত্র সুনীল আনন্দ অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার জগতেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আনন্দ অউর আনন্দ’ ছবিতে দেব আনন্দের বিপরীতে অভিনয় করে বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। পরবর্তীতে ‘কার থিফ’ এবং ‘মাস্টার’-এর মতো ছবির সঙ্গেও যুক্ত ছিলেন।

বাবার ঐতিহ্যকে সামনে রেখে ছবির জগতে কাজ করলেও প্রচারের আলো থেকে বরাবর কিছুটা দূরেই থাকতে পছন্দ করতেন সুনীল। তাঁর আকস্মিক মৃত্যুতে বলিউডের প্রবীণ শিল্পী থেকে শুরু করে অনুরাগীরা সমাজমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পুরো বলিউড।

সুনীলের মৃত্যু সংবাদ সমাজমাধ্যমে ভাগ করে তাঁর ভাগ্নি গিনা নারাং লেখেন, 'এই কঠিন সময়ে সবার থেকে আমরা যে সহানুভূতি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের পরিবার সুনীল আনন্দের প্রয়াণে শোকাহত। অগণিত মানুষের ভালবাসা, প্রার্থনা এই সময় আমাদের সান্ত্বনা জোগাচ্ছে। এই কঠিন সময় পার করার জন্য আমরা সবাই একটু গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।'