ভালবাসা, আবেগ, কিছু স্মৃতি আর অব্যক্ত কথার ভিড়- 'অনেকদিন পর'। একটা বয়সের পর জীবন থেকে চাওয়া পাওয়া কমে যায়, বেঁচে থাকার জন্য দরকার হয় একটা অবলম্বন৷ একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যর জন্য শেষ বয়স জীবনে বেঁচে থাকাটা অর্থবহ হয়৷ সৌরভ পালোধি পরিচালিত ছবি 'অনেকদিন পর' সেরকম গল্পই বলবে। ২৬ জুন এই ছবি মুক্তি পাবে৷ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক।
আগামী ২২ জুন মুক্তি পাচ্ছে ছবির গান। এদিন ছবির প্রচার ও গান মুক্তির অনুষ্ঠানে এক অনন্য নজির গড়বেন অভিনেতা সুজন নীল মুখার্জি ও অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। তাঁরা একসঙ্গে বাংলা নাটকের বাছাই করা জনপ্রিয় গানের কোলাজ করে লাইভ পারফর্মেন্স করবেন। বাংলা ছবির ইতিহাসে এই উদ্যোগ প্রথমবার।
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সুজন নীল মুখার্জির সঙ্গে। তাঁর কথায়, "বাংলা নাটকের বহু জনপ্রিয় গান আছে, যা মানুষের কাছে সেভাবে পৌঁছায় না। বহু দশকের জনপ্রিয় সব গানকে বাছাই করে এদিন পরিবেশন করব আমি আর বিদীপ্তা। বিদীপ্তার সঙ্গে এটা আমার অনেকদিন পর কাজ। প্রথমে ভেবেছিলাম সময় হবে না। কিন্তু এত অভিনব উদ্যোগ যে নিজেরই ইচ্ছে হল কাজটা করার।"
বিদীপ্তা চক্রবর্তীর সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সৌরভ তো নাটকের ছেলে। ওর মাথা থেকেই এই ভাবনাটা এসেছে। আমি শুনেই খুব খুশি হই। আমার তো মনে পড়ে না আগে কখনও এমন উদ্যোগ দেখা গিয়েছে কিনা। বাংলা ছবির ইতিহাসে তো হয়নি।"
প্রসঙ্গত, ছোট ছোট সুখ দুঃখের বুননে তৈরি 'অনেকদিন পর'। কারওর জীবনে বহু বছর অপেক্ষার পর প্রেমের আগমনের উচ্ছ্বলতা তো কারওর জীবনে অপেক্ষার শেষ নেই৷ আপনজনহীন বাড়িতে ফেরা না ফেরা একই বিষয়।
প্রসেনজিৎ চ্যাটার্জির 'এনডিয়াস প্রোডাকশনস' প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন
চিত্রাঙ্গদা শতরূপা, বিমল গিরি, শঙ্কর দেবনাথ, দেবেশ রায় চৌধুরী, বিপ্লব ব্যানার্জি, বিমল গিরি, সীমা মুখার্জি সহ আরও অনেকে। ছবিরগল্প লিখেছেন সৌরভ পালোধি এবং সৌমিত দেব। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সপ্তক সানাই দাস।
















