বর্তমানে পান থেকে চুন খসলেই নেটপাড়ার চর্চায় থাকেন গোবিন্দা। তাঁর কেরিয়ারের ভাটা নিয়ে এখন বেশ গুঞ্জন ছড়ায় নেটিজেনদের মধ্যে। সম্প্রতি অভিনেত্রী সুধা চন্দ্রন গোবিন্দার কেরিয়ার এবং ইন্ডাস্ট্রির আচরণ নিয়ে বেশ কিছু জোরালো মন্তব্য করেছেন।
সুধা চন্দ্রন বলেন, "সত্যি বলতে, আমি সেই যুগটা খুব কাছ থেকে দেখেছি। ওই সময়ে সবাই গোবিন্দাকে তাঁদের সিনেমায় নিতে চাইতেন। প্রযোজক-পরিচালকরা তাঁকে কাস্ট করার জন্য মুখিয়ে থাকতেন। তিনি যখন বলতেন যে তাঁর কাছে ডেট নেই, তার পরেও তাঁরা তাঁকে অনুরোধ করে যেতেন।"
ইন্ডাস্ট্রির দ্বিচারিতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "যখন একজন অভিনেতা একইসঙ্গে ছ-সাতটা ছবিতে কাজ করে সবাইকে খুশি রাখার চেষ্টা করেন, তিনি তো আর মেশিন নন। তাঁর দিনেও মাত্র ২৪ ঘণ্টাই সময় ছিল। তাঁরও ঘুমানোর, খাওয়ার এবং এক সেট থেকে অন্য সেটে যাওয়ার জন্য সময়ের প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে দেরি হওয়াটা ছিল অনিবার্য। কিন্তু কখনও অভিযোগ করেননি গোবিন্দা।"
তিনি আরও যোগ করেন, "প্রথমে তাঁরাই অনুরোধ করে জোর করে তাঁকে দিয়ে সিনেমায় সই করাতেন, আর পরে তাঁরাই তাঁর সমালোচনা করে তাঁর কেরিয়ারের ক্ষতি করেছেন। ডেভিড ধাওয়ানের সেটে তিনি সবসময় সময়মতো আসতেন। তাঁর টাইমিং, তাঁর নাচ, তাঁর অভিনয় মিলিয়ে তিনি সত্যিই এই দেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা।"
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গোবিন্দাকে নিয়ে হওয়া ট্রোলিংয়ের জবাবে তিনি বলেন, "আজকাল মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মন্তব্য করে যে তিনি ছোটখাটো অনুষ্ঠানে নাচছেন। কিন্তু আমি কেবল একটা জিনিসই দেখি—তিনি যেখানেই পারফর্ম করেন না কেন, সেখানে নিজের সবটুকু উজাড় করে দেন। সেই একই জেল্লা, সেই একই আকর্ষণ। লোকে কী লিখল তাতে কী যায় আসে?"
সবশেষে গোবিন্দার ব্যক্তিত্ব নিয়ে সুধা বলেন, "তিনি কখনও নিজের স্বপক্ষে সাফাই দেননি। তিনি কখনও পাল্টা কোনও বিবৃতি দেননি। তিনি সেই ধরনের মানুষই নন।"
