রবিবার সকালেই জানা যায় ইরান-ইজরায়েল হামলার মধ্যে দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছে তাঁর ছেলে ইউভানও। এই ঘটনা জানার পরই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলার লেডি সুপারস্টারের অনুরাগীরা। এবার কী প্রতিক্রিয়া তাঁর পরিবারের। 

এমন একটি অবস্থায় মেয়ে, নাতি দু'জনেই আটকে। বলাই বাহুল্য, দুশ্চিন্তায় ঘুম উড়েছে অভিনেত্রীর পরিবারের, খোঁজ নিল আজকাল ডট ইন।  

দুবাইয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে হোটেলে আছেন তার আশেপাশে বোম্বিং হয়েছে। তাই একটু চিন্তায় রয়েছেন  পরিবারের সকলে, এমনটাই জানিয়েছেন, বাংলা সিনেমার প্রথম সারির নায়িকা শুভশ্রীর বাবা।

শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানালেন, আজ দুপুর ১২.৩০ টা নাগাদ মেয়ের সাথে কথা হয়েছে তাঁর। 
তিনি জানান, গতকালও স্বাভাবিকভাবে কথা হয়েছে। এদিন যুদ্ধ পরিস্থিতির খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে মেয়েকে ফোন করেন। হোয়াটসঅ্যাপ কলে তাঁকে পাননি। পরে ফোনে কথা হয়। 

দেবপ্রসাদের কথায়, শুভশ্রী জানিয়েছেন,  তিনি ঠিক আছেন। আশেপাশে বোম্বিং হয়েছে। তবে তিনি ওখান থেকে বেরোবার চেষ্টা করছেন। ইউভান খুব চঞ্চল।  তাকে এই অবস্থায় চুপচাপ বসিয়ে রাখা হয়েছে। 

ইউভানের পরীক্ষা শেষ হয়েছে। তারপরই একরত্তি দুবাই যাওয়ার বায়না ধরায় শুভশ্রী তাকে নিয়ে বিদেশে একাই দেন। পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর কাজ থাকায় তিনি সঙ্গে যেতে পারেননি। 

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা জানিয়েছেন গতকাল অর্থাৎ শনিবারই তাঁরা ওখানে পৌঁছিয়েছেন। তারপর থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে এক জায়গায় আটকে থাকতে হচ্ছে এক প্রকার। আগামী ৫ মার্চ তারিখ ফেরার টিকিট রয়েছে শুভশ্রীদের। 

এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই পরিবারের সকলে একটু চিন্তায় রয়েছেন। তবে শুভশ্রী তাঁদের জানিয়েছন, তিনি ও ছেলে ঠিক আছেন। বাবা-মাকে তাঁদের নিয়ে চিন্তা করতে বারণ করেছেন। বর্ধমান শহরের বাজেপ্রতাপুরে শুভশ্রীর বাড়ি। বর্ধমান থেকে এসে টলিউডের লেডি সুপারস্টার হয়েছেন। বর্তমানে সেখানেই থাকেন তাঁর বাবা মা। দাদা ইউভান মায়ের সঙ্গে দুবাই গেলেও, ইয়ালিনি কলকাতাতেই রয়েছে। অসুস্থতার কারণে সে বেড়াতে যেতে পারেনি। 

ইরান-ইজরায়েলের সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় ইরানের হামলার জেরে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতেই দুবাইয়ে বেড়াতে গিয়ে ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে যদিও অভিনেত্রীর কিছু বন্ধুরা রয়েছেন। ইউভানকে নিয়ে সম্পূর্ণ একা নেই তিনি। 

বর্ধমানের বাড়িতে থাকা অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রবিবার দুপুরেই শেষবার ফোনে কথা হয়েছে শুভশ্রীর।  নিরাপত্তার কারণে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি।  ৫ তারিখ দেশে ফেরার টিকিট থাকলেও বর্তমান পরিস্থিতিতে এতদিন সেখানে থাকা সম্ভব হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর জামাই রাজ চক্রবর্তীর সঙ্গে প্রশাসনের যোগাযোগ হতে পারে বলে  আশাবাদী তিনি।