এতদিন রাত নটায় স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ' দেখতেন দর্শক। তবে এবার সেই স্লটে আসছে নতুন ধারাবাহিক 'গঙ্গা'। ইতিমধ্যেই 'গঙ্গা'র স্লট ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। তখন থেকেই দর্শকের মনে প্রশ্ন দেখা দিয়েছিল যে, এবার কি 'গৃহপ্রবেশ' শেষ হতে চলেছে? জল্পনায় সিলমোহর পড়ল এবার। জানা যাচ্ছে, সত্যিই শেষের ঘন্টা বেজেছে এই মেগার। 

টলিপাড়ার অন্দরের খবর, শুক্রবারই শেষদিনের শুটিং সেরেছেন ধারাবাহিকের পরিচালক অমিত দাস। কিন্তু হঠাৎ কেন শেষ হচ্ছে এই ধারাবাহিক? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পরিচালকের কাছে প্রশ্ন রাখা হলেও তিনি জানান, এই বিষয়ে আগে থেকে তাঁর কিছুই জানা ছিল না। সবটাই নাকি বড্ড তাড়াহুড়ো করে হল। 

আসলে সদ্যই এই মেগায় এসেছে নতুন মোড়। শুরু হয়েছে নতুন অধ্যায়ও। ধারাবাহিকের গল্পে এবার শুভলক্ষ্মীর মেয়েকেও দেখানো হচ্ছে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী। এখন স্বপ্নিলার চরিত্র 'আরিয়া'কে নিয়েই এগোচ্ছে গল্প। ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে ভালবাসা পাচ্ছে গল্পের এই নতুন মোড়। কিছুদিন আগেই আরিয়ার নায়ক হয়ে ধারাবাহিকে এসেছেন এক পরিচিত মুখ। নতুন নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দেবদত্ত রাহাকে। তাঁদের কেমিস্ট্রি নিয়ে দিব্যি এগোচ্ছিল ধারাবাহিক। তবে হঠাৎই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন চ্যানেল কর্তৃপক্ষ তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

'গৃহপ্রবেশ' শুরুর দিকে টিআরপিতে ভাল ফল করলেও বর্তমানে আর সেভাবে রেটিং চার্টে এক থেকে দশে আর নজর কাড়ে না এই মেগা। সেই কারণেই কি ইতি টানছে ধারাবাহিক? তবে জানা যাচ্ছে শেষ দিনের শুটিং হলেও এখনও আরও কয়েকদিন চলবে 'গৃহপ্রবেশ'। তার জায়গায় আসছে নতুন ধারাবাহিক 'গঙ্গা'। মেগায় প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখোপাধ্যায়কে।

 

এর আগে স্টার জলসার 'কথা'য় 'এভি'র চরিত্রে সাহেব ও 'গীতা এলএলবি'র 'গীতা'র চরিত্রে দর্শক হিয়াকে দেখেছিলেন। দুই জনপ্রিয় মেগা শেষ হতেই তাই দু'জনের জুটিকে দেখে দারুণ খুশি দর্শক মহল। তাঁদের জুটি বাঁধার জল্পনা আগেই রটেছিল। আজকাল ডট ইনের পক্ষ থেকেই প্রথম প্রকাশ্যে আনা হয়, 'কথা' ধারাবাহিকের জুটি ভাঙার। জানানো হয় সাহেব ভট্টাচার্যর সঙ্গে এবার সুস্মিতা দের বদলে 'গীতা এলএলবি' অর্থাৎ হিয়া মুখোপাধ্যায় জুটি বাঁধতে চলেছেন। সেই জল্পনা এবার সত্যি হল। এদিন স্টার জলসার তরফে তাদের আগামী নতুন ধারাবাহিক 'গঙ্গা'র প্রোমো প্রকাশ্যে আনা হল। সেখানেই দুঁদে আইনজীবী 'গীতা এলএলবি' অর্থাৎ হিয়াকে পয়সা কুড়ানির রূপে দেখা গেল। প্রোমোতে দেখা যাচ্ছে, ট্রেনে করে যাওয়ার সময় বা এমনই অনেকেই গঙ্গাকে প্রণাম করে টাকা ছুঁড়ে দেন। সেই টাকা কুড়িয়ে সংসার চলে অনেকেরই। গঙ্গা তেমনই একটি মেয়ে। লড়াই করতে বাঁচতে হয় তাঁকে। কিন্তু এর মধ্যেও সে ভাল থাকা খুঁজে নেয়। 

আর গল্পের অন্যদিকে রয়েছে অর্জুন চ্যাটার্জি। সে গঙ্গার পাড়ের অপরাধীদের যম। পেশায় পুলিশ অফিসার। তার জীবনে নেই কোনও রং। হোলির আবহে তার গোটা বাড়ি যেখানে আবির, রঙে মেতে উঠেছে, সেখানে সে ডিউটি পালন করতে যাচ্ছে। অর্জুনের এই বেরং, ডিউটি সর্বস্ব জীবনে কি গঙ্গা আদৌ রং ছড়াতে পারবে? দুই পৃথিবীর দু'জনে কীভাবে কাছে আসবে? সেই গল্পই বলবে 'গঙ্গা'।