বিগত দিনে অল্প সময়েই বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক বন্ধ হয়ে যেতে দেখা গিয়েছে। নেপথ্যে কখনও টিআরপি তালিকায় আশানুরূপ ফল না পাওয়া, কখনও বা অন্য কোনও সমস্যা। সেই তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছে 'মিলন হবে কতদিনে'!
কিছুদিন ধরেই টলিউডের অন্দরে ফিসফাস, বন্ধ হচ্ছে চলেছে স্টার জলসার ‘মিলন হবে কতদিন’। সেই জল্পনাই সত্যি হয়ে গেল। সম্প্রতি শেষদিনের শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। আপাতত কবে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হয়, সেটাই দেখার।
কিছুদিন আগেই অলিভিয়া সরকার ঘোষণা করেন তাঁকে আর 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে দেখা যাবে না। এরপর সেই তালিকায় যুক্ত হয়েছেন প্রারব্ধি সিনহা। ৩১ মে প্রারব্ধি সিনহা সমাজমাধ্যমে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের সেটে তোলা একাধিক ছবি পোস্ট করেন। এই ধারাবাহিকে তাঁকে গোরার সৎ ভাই, কৃষের চরিত্রে দেখা যাচ্ছিল। অভিনেতা লেখেন, 'কৃষের পথচলা শেষ। ধন্যবাদ অ্যাক্রোপোলিস এন্টারটেইনমেন্ট। ধন্যবাদ স্নিগ্ধা ম্যাম, সানি দা।' কেবল এই দুই চরিত্র নয়, শোনা গিয়েছিল, ধীরে ধীরে আরও অনেক চরিত্রকেই গল্পে আর দেখানো হবে না। এভাবেই একটু একটু করে শেষের পথে হাঁটবে এই ধারাবাহিক। সম্প্রতি 'মিলন হবে কতদিনে'র স্লটও পরিবর্তন হয়েছে। এখন রাত ১১:৩০-এ দেখা যায় এই মেগা।
সবমিলিয়ে একদিকে টিআরপি তলানিতে, অন্যদিকে একের পর এক চরিত্রের অধ্যায় শেষ হওয়ার খবর আসতেই বিগত দিনে এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্রশ্ন উঠতে শুরু করেস তবে কি শীঘ্রই শেষ হচ্ছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি? যদিও আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই ঘোষণা করা হয়নি। নতুন কোনও ধারাবাহিকের আসার ইঙ্গিতও দেওয়া হয়নি চ্যানেলের তরফে। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে, শেষ দিনের শুটিং সেরে নিয়েছেন এই ধারাবাহিকেরা কলাকুশলীরা।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই ফিরেছে পুরনো জুটি গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়। এর আগে দর্শক তাঁদের জুটিতে দেখেছিলেন 'গাঁটছড়া'য়। দর্শকের পছন্দের কথা মাথায় রেখে গৌরব-শোলাঙ্কির জুটিকে নতুন গল্পে ফিরিয়েছে প্রযোজনা সংস্থা। এই মেগায় তাঁরা গোরা ও এলা চরিত্রে ধরা দেন। গৌরব-শোলাঙ্কির জুটি ফেরায় দর্শকের প্রত্যাশা ছিল ব্যাপক। তবে সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় তেমন একটা ভাল ফল করতে পারেনি এই মেগা।















