টিআরপিতে বরাবরই বেশ ভালই ফল করে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'। শুরু থেকেই এই মেগার জনপ্রিয়তা বিপুল। দর্শক মহলে তাই চর্চাও চলে রাঙামতিকে নিয়ে। আগে বেশ কয়েকবার এই ধারাবাহিক শেষের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তখন গল্পের নতুন মোড়ে সব ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার খবর, সত্যিই শেষ হচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই নাকি শেষদিনের শুটিংও হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই 'রাঙামতি তীরন্দাজ'-এর শেষ সম্প্রচারও হয়ে যাবে।
এই খবরে সিলমোহর দিয়েছেন স্বয়ং নায়িকা। মনীষা মণ্ডল আজকাল ডট ইন-কে জানিয়েছেন ২ মে ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। আগামী ৮ মে শেষ সম্প্রচারিত হবে মেগাটি।
কিছুদিন আগেই 'রাঙামতি তীরন্দাজ'-এর গল্পে এসেছিল নতুন মোড়। ধারাবাহিকের গল্প এগিয়েছিল বেশ কয়েক বছর। রাঙার মেয়ে 'বিহু'র চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সোমু সরকারকে। দারুণ চমকে বেশ জমে উঠেছিল গল্প। কিন্তু শেষরক্ষা আর হল না। প্রায় দু'বছর পেরিয়ে শেষ হচ্ছে এই মেগা।
সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার ব্যানারে সম্প্রচারিত হত এই ধারাবাহিক। আর এই মেগার মাধ্যমেই দর্শক পেয়েছিলেন নতুন জুটিকে। রাঙা ও একলব্যর চরিত্রে গল্পে দেখা গিয়েছিল মনীষা ও নীলাঙ্কুরকে। তাঁদের জুটি নতুন হলেও দর্শক মহলে বেশ জায়গা করে নিয়েছিল। টিআরপিতে প্রতি সপ্তাহে বেশ ভাল ফল করলেও সময়ের নিয়মে শেষ হচ্ছে রাঙার গল্প।
জঙ্গলে বেড়ে ওঠা রাঙামতির চোখে স্বপ্ন ছিল তিরন্দাজ হওয়ার। সে অলিম্পিকে যেতে চেয়েছিল। ঘটনাক্রমে তার বিয়ে হয়ে যায় একলব্যর সঙ্গে। কিন্তু একলব্যর মা তাকে জীবনের পথে এগিয়ে চলার সাহস জোগায়। রাঙা সব বাধা অতিক্রম করে নিজের স্বপ্নপূরণ করে। এভাবেই এগিয়েছিল এই ধারাবাহিকের গল্প।
















