ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সৃজলা গুহ। কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? জানা যাচ্ছে, কোনও নতুন মেগায় নয়, বরং সান বাংলার ধারাবাহিক 'ভালোবাসার রং রুট'-এ একটি বিশেষ পর্বের অতিথি হয়ে আসছেন তিনি।
ধারাবাহিকের গল্প অনুযায়ী রেহান আর রূপাইয়ের উদ্যোগে মল্লিক আর সাহা পরিবার প্রতি বছরের মতো এবারও গরমে পিকনিকে যাওয়ার জন্য একদম রেডি। তবে এবারের পিকনিকটা একটু বেশিই স্পেশাল, কারণ রেহানের জ্যাঠামশাই এবার রূপাইয়ের বাড়ির লোকজনকেও একসঙ্গে যাওয়ার জন্য ডেকেছেন। কিন্তু এসবের মধ্যেই চক্রান্ত শুরু করে দেয় মানসী আর মিশকা। রূপাইয়ের সাধারণ, মধ্যবিত্ত পরিবারের লোকজনের সঙ্গে যেতে হচ্ছে দেখে ওরা সারাক্ষণ নানারকম অশান্তি তৈরি করে।
যাওয়ার ঠিক আগের মুহূর্তে আরেক ঝামেলা!জানা গেল, যে গাড়িটা বুক করা হয়েছিল, সেটা শেষ সময়ে ক্যানসেল হয়ে গিয়েছে। সবাই যখন চিন্তায় দিশেহারা, তখন রূপাই একাই মুশকিল আসান হয়ে দাঁড়ায়। সে নিজে বাস চালিয়ে পুরো পরিবারকে পিকনিকের জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। রূপাইয়ের বাসে করেই সবাই শেষমেশ হইহই করতে করতে পিকনিক স্পটে পৌঁছায়। এদিকে মানসী আর মিশকা কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। রূপাই আর রেহানের মধ্যে দূরত্ব তৈরি করতে ওরা এক নতুন চাল চালে।রেহানের অফিসের সহকর্মী ডক্টর মধুমিতাকে না জানিয়ে ওই পিকনিকে ডেকে আনে।
শুরুতে অবশ্য সব ঝামেলা ভুলে পিকনিকটা বেশ জমে ওঠে। দারুণ সব খাওয়া-দাওয়া, গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যের গান আর অভিনেত্রী সৃজলা গুহর নাচের তালে পুরো পরিবার মেতে ওঠে আনন্দে। কিন্তু এই মজার আড়ালেই লুকিয়ে ছিল বড় বিপদ। একদিকে রূপাইয়ের মাসি ফুলটুসি মিশকার মায়ের দামী ঘড়িটা দেখে সেটা চুরি করার মতলব করে। আর অন্যদিকে মানসী, মিশকা আর ডক্টর মধুমিতা মিলে রূপাইয়ের চরম ক্ষতি করার এক ভয়ঙ্কর প্ল্যান বানায়। ওরা ঠিক করে রূপাইকে একটা মারাত্মক ইঞ্জেকশন দিয়ে দেবে, যাতে সে চিরতরে রেহানের জীবন থেকে সরে যায় আর মধুমিতার রাস্তা পরিষ্কার হয়।
রেহান কি পারবে সময়মতো রূপাইকে বাঁচাতে? জানতে হলে দেখতে হবে 'ভালোবাসার রঙ রুট'-এর আগামী পর্ব। ১৮ থেকে ২২ মে, সন্ধে সাড়ে ছটায় সম্প্রচারিত হবে এই ছ'দিনের বিশেষ পর্ব।















