রবিবার দুপুরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে কি কোনও বিশেষ ইঙ্গিত দিলেন সৃজিত মুখোপাধ্যায়? আভাস দিলেন তাঁর আসন্ন নতুন ছবির? নেটপাড়া অন্তত তাই মনে করছে। কিন্তু ঠিক কী ঘটেছে? 

এদিন সৃজিত মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন, সেখানে তাঁকে ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রীকান্ত মোহতাকে দেখা যাচ্ছে। তিনজনেই হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরার জন্য। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'বর্নভিটা???' তাঁর এই ক্যাপশন দেখেই দুইয়ে দুইয়ে চার করা শুরু করে দিয়েছে নেটপাড়া। কেন? কারণ 'দশম অবতার' ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র 'প্রবীর রায়চৌধুরী' অনির্বাণ ভট্টাচার্যের চরিত্র অর্থাৎ 'ইন্সপেক্টর পোদ্দার' -কে একটি দৃশ্যে জিজ্ঞেস করেছিল, 'বর্নভিটা চলে?' জবাবে পোদ্দার জানিয়েছিল, 'শুধু বাংলা দিয়ে।' তবে কি এই ছবি পোস্ট করেই সৃজিত মুখোপাধ্যায় এদিন 'দশম অবতার' ছবির সিক্যুয়েলের আভাস দিলেন? এই বিষয়ে পরিচালকের সঙ্গে আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোনে অধরা। 

এদিন সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে তাঁর অনুরাগীরা কেউ লেখেন, 'হোক, আবার প্রবীর রায়চৌধুরীকে চাই।' কেউ আবার লেখেন, 'আবার ভাল কিছু আসতে চলেছে। জলদি ঘোষণা করুন।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সৃজিত মুখোপাধ্যায়ের হাতে এখন ঠাসা কাজ। পুজোর সময় বড়পর্দায় মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র'। মুখ্য ভূমিকায় থাকবেন টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, প্রমুখ। এছাড়া তাঁর 'উইঙ্কল টুইঙ্কল' ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সদ্যই পরিচালক তাঁর নতুন ছবি ঘোষণা করেছেন। গোয়েন্দা কানাইচরণকে নিয়ে ছবি বানাতে চলেছেন তিনি। ছবির নাম 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। অভিনয়ে থাকবেন যিশু সেনগুপ্ত, অনুজয় চ্যাটার্জি, টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, প্রমুখ।