সালটা ২০১০। পুজোর সময় মুক্তি পেল 'অটোগ্রাফ'। নতুন পরিচালক, একদম নতুন ধরনের ছবি। বাংলা ছবির যেন নতুন এক ঘরানা শুরু হল। দেখতে দেখতে সেই ছবির ১৫ বছর পেরিয়ে গিয়েছে। অবশেষে এই ছবির জন্মলগ্নের কথা প্রকাশ্যে এল।
সৃজিত মুখোপাধ্যায় এদিন ফেসবুকের পাতায় একটি ছবি পোস্ট করেন, সেখানে তাঁর পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। তাঁরা দু'জনে দাঁড়িয়ে আছেন এনটি ওয়ান স্টুডিওতে। 'অভিমান' ছবির শুভ মহরতের অনুষ্ঠানে এই ছবিটি তোলা। সেটি সমাজমাধ্যমে পোস্ট করে পরিচালক হিসেবে নিজের সফর শুরুর স্মৃতি তুলে ধরলেন সৃজিত মুখোপাধ্যায়।
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'এনটি ওয়ান স্টুডিওর ঠিক এই জায়গায় একজন ইকোনোমেট্রিসিয়ান যে চিত্রনির্মাতা হতে এসেছিল ২ ঘণ্টা অপেক্ষা করেছিল একজন সুপারস্টারকে একটি স্ক্রিপ্ট শোনাবে বলে। এই সুপারস্টার তাঁর সেদিনের শুট শেষ করেন। সেটি একটি অফবিট ছবি ছিল, নাম হাউজফুল। উনি শুটিং শেষ করে বেরিয়ে নিজের গাড়িতে ওঠেন, নিজেই গাড়ি চালিয়ে তাঁর বালিগঞ্জের বাড়িতে আসেন। এবং গোটা স্ক্রিপ্ট শোনেন যার সেই সময় নাম ছিল সই। এভাবেই জন্ম হয় অটোগ্রাফের।'
'অটোগ্রাফ' ছবির হাত ধরে টলিউড সফর শুরু হয় সৃজিত মুখোপাধ্যায়ের। বর্তমানে তিনি টলিউডের প্রথম সারির অন্যতম পরিচালক। তাঁর শেষ ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে সেই ছবি। আগামীতে আসছে 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র', 'উইঙ্কল টুইঙ্কল'। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শেষবার 'বিজয়নগরের হীরে' ছবিতে দেখা গিয়েছে। সেটি 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এর আগের ছবিগুলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করলেও, এইবারের কাকাবাবুর ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রাশিস রায়। আগামীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্দ্রদীপ দাশগুপ্তর 'অভিমান' ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হল। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ছবিটির প্রযোজনা করবে। অনুমান করা হচ্ছে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবিটি। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়নি।
