“বর্নভিটা চলে?”— উত্তর এসেছিল, “শুধু বাংলা দিয়ে!” ‘বাইশে শ্রাবণ’  ছবির প্রিক্যুয়েল 'দশম অবতার'-এ  প্রবীর রায়চৌধুরী আর ইন্সপেক্টর পোদ্দারের এই কালজয়ী সংলাপ টলিউডপ্রেমীদের মনে এখনও সমান টাটকা। এবার সেই সংলাপই যেন টলিপাড়ার সবচেয়ে বড় সমীকরণের মোড় ঘুরিয়ে দিল! দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে চলা দূরত্ব, ঠাণ্ডা যুদ্ধ আর সমস্ত জল্পনায় জল ঢেলে ফের এক ফ্রেমে ধরা দিলেন টলিউডের ‘ফার্স্ট বয়’ পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্বাণের সঙ্গে একটি রোদেলা, হাসিমুখের ছবি পোস্ট করেছেন সৃজিত। তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। সৃজিত লিখেছেন— “ বর্নভিটা... বাংলা দিয়ে?” আর এই একটি বাক্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া!

 

ঘটনার সূত্রপাত কিন্তু কয়েকদিন আগেই। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে একটি ছবি পোস্ট করে সৃজিত ক্যাপশনে লিখেছিলেন, ‘বর্নভিটা???’ তখনই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। কারণ, 'দশম অবতার' ছবিতে প্রসেনজিতের প্রবীর রায়চৌধুরী হুইস্কির বদলে অনির্বাণকে এই প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন। আর এবার অনির্বাণের সঙ্গে ছবি এবং সেই সংলাপের দ্বিতীয় অংশ ক্যাপশনে জুড়ে যেন কার্যত সিলমোহরই দিয়ে দিলেন পরিচালক। তবে কি 'দশম অবতার'-এর সিক্যুয়েল আসছে? সৃজিতের জনপ্রিয় 'কপ-ইউনিভার্স' আরও বড় হতে চলেছে? উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু টলিপাড়ার হাওয়ায় এখন এই গুঞ্জনই সবচেয়ে জোরালো।

 

প্রসঙ্গত, 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবি থেকে অনির্বাণ আচমকা নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকেই দুই প্রথাবিরোধী শিল্পীর মধ্যে বেশ দূরত্বের সৃষ্টি হয়। মাঝখানে একটি অনুষ্ঠানে তাঁদের সৌজন্যমূলক সাক্ষাৎ দেখা গেলেও, বড় পর্দায় এই জুটির রসায়ন মিস করছিলেন দর্শকরা। চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে, বিবাদের বরফ গলিয়ে সৃজিত-অনির্বাণ জুটি ফের একজোট হওয়ার ইঙ্গিত দিলেন। এবার দেখার, বড়পর্দায় এই ‘বর্নভিটা আর বাংলা’র জুড়ি ঠিক কতখানি বড় ধামাকা তৈরি করে!