চলতি বছরের এপ্রিল মাসেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল যে, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা আপামোর বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলির বহু প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা’-র শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবিতে ‘প্রিন্স অফ কলকাতা’র জুতোয় পা গলিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এতদিন শুটিং চলেছে এই ছবির।‌ 

ময়দান থেকে শুরু করে ইডেন, বেহালা বরিশা সর্বজনীনের মাঠেও হয়েছে ছবির শুটিং। গত রবিবার শেষ হয়েছে এই বায়োপিকের কলকাতায় শুটিংয়ের অংশ। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে ছবির শুটিংয়ের টুকরো ঝলক। 

ইডেনে সৌরভের খেলা থেকে শুরু করে 'মহারাজ'-এর বাড়ির দুর্গাপুজোর প্রেক্ষাপটও ফুটে উঠবে ছবির গল্পে। তাই অসময়ে বরিশার মাঠে তৈরি হয়েছিল দুর্গা দালান, আর পুজোর আমেজে শুটিংও চলেছিল রাতভর। 

এই ছবিতে সৌরভ গাঙ্গুলির বাবা তথা সিএবি-র প্রাক্তন পদাধিকারী প্রয়াত চণ্ডী গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি। সৌরভের মা নিরুপা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সৌরভের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বোস-কে। ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে ‘আ স্যুটেবল বয়’ খ্যাত অভিনেত্রী তানিয়া মানিকতলা।

প্রসঙ্গত, লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের ‘লভ ফিল্মস’ দ্বারা প্রযোজিত এই ছবিটি যে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সফল স্পোর্টস-বায়োপিক হতে চলেছে, তা আন্দাজ করা যাচ্ছে। এবার ব্যাটে-বলে রাজকুমারের ছক্কা হাঁকানো পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমী থেকে সিনেমাপ্রেমীরা।