আশীর্বাদ ও বাগদান সেরেছেন টলিপাড়ার মিষ্টি জুটি সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখার্জি। সম্প্রতি, নিজেরাই প্রকাশ্যে এনেছেন সেই সুখবর। এবার জানা যাচ্ছে, 'লক্ষ্মী ঝাঁপি'র শুটিং ফ্লোরেই নাকি প্রথম আইবুড়ো ভাত খেলেন এই জুটি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সৌরভ-শুভস্মিতার আইবুড়ো ভাত খাওয়ার ছবি, ভিডিও।
এই বিষয়ে আজকাল ডট ইন-কে সৌরভ বলেন, "আসলে ভেবেছিলাম আশীর্বাদের আগের দিন ছুটি নেব দু'জনে। কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে যা হয় আর কী, সেই যেতেই হয়েছিল ফ্লোরে। তিন-চার ঘন্টার জন্য ডেকেছিল আমাদের। তারপর বিকেল বেলায় দেখি খাওয়া-দাওয়ার আয়োজন করেছে সবাই। তবে এটা ঠিক আইবুড়ো ভাত হয়নি, আইবুড়ো স্ন্যাক্স ছিল। কারণ, প্রচুর জুস, প্রোটিন শেক, ফ্রাইড আইটেম এসব ছিল মেনুতে।"
আইবুড়ো ভাত পর্ব শুরু হয়েছে যখন, তাহলে চলতি বছরের শেষেই কি ছাদনাতলায় যাবেন তাঁরা? সৌরভের কথায়, "না সেটা ঠিক করিনি। আমাদের আশীর্বাদ, বাগদান হয়েছে ঠিকই। কিন্তু বিয়ের ডেট ফাইনাল হয়নি এখনও পর্যন্ত। আসলে ধারাবাহিকের এত চাপের মধ্যে বিয়ে করতে চাইছি না দু'জনেই। বিয়েটা তো একটা জীবনের অনেক বড় অধ্যায়ের শুরু। তাই এই সময়টা অন্যকিছুর চাপ চাই না। ধারাবাহিক যদি চলতি বছরেই গুটিয়ে নেয়, তাহলে পরের বছরই বিয়ে করব। আমরা দু'জনেই চাই ধারাবাহিক শেষ হলে তারপর বিয়েটা করতে। তাই সময় নিচ্ছি।"
প্রসঙ্গত, বরাবরই প্রেমের গুঞ্জন উঠলেই দু'জনেই এড়িয়ে গিয়েছেন। এতদিন একে অপরকে শুধুমাত্র ভাল বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন সৌরভ-শুভস্মিতা। এবার তাঁদের সম্পর্কে সিলমোহর পড়ল। জানা যায়, ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই দু'জনের প্রেমের শুরু। এই মুহূর্তে সৌরভ ও শুভস্মিতাকে দর্শক একসঙ্গে দেখছেন স্টার জলসার 'লক্ষ্মী ঝাঁপি'তে। নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন তাঁরা। এবার তাঁদের প্রেম পরিণতি পাবে বিয়ের পিঁড়িতে।















