নিজের জন্মদিনেই সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্ট শেয়ার করে কৌতূহলের পারদ চড়ালেন টলি অভিনেতা সৌম্য মুখার্জি। পোস্টটি তিনি পরিচালক পাভেল-এর সঙ্গে কোলাবোরেশন করেছেন, আর তারপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।

সৌম্যর ওই পোস্টে লেখা রয়েছে, 'অনেক প্রেম করেছি, কসাই হয়ে মাংস কেটেছি... পাভেলদা বললো এবার মানুষ কাটার পালা! রামায়ণের কোন চরিত্র? বলতে পারলে পুরস্কার আছে।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

এই কয়েকটি লাইনই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এর মাধ্যমে কীসের ইঙ্গিত দিলেন সৌম্য? সত্যিই কি তিনি এবার একেবারে ভিন্নধর্মী, বা সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে ধরা দিতে চলেছেন? আর 'রামায়ণের কোন চরিত্র?'—এই প্রশ্নই যেন রহস্যকে আরও ঘনীভূত করেছে।

পোস্টে কোনও ছবির নাম, চরিত্রের পরিচয় কিংবা প্রকল্প সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বরং দর্শকদের জন্য ছুঁড়ে দেওয়া হয়েছে এক অভিনব ধাঁধা। সঠিক উত্তরদাতার জন্য পুরস্কারের ঘোষণাও করেছেন সৌম্য, ফলে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা ও অনুমানের ঝড়।

পরিচালক পাভেলের সঙ্গে সৌম্য মুখার্জির এই যৌথ পোস্ট ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন এটা নতুন ছবির ঘোষণা, কেউ আবার মনে করছেন রামায়ণ অবলম্বনে সম্পূর্ণ নতুন ধরনের একটি চরিত্রে দেখা যাবে সৌম্যকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

জন্মদিনের শুভেচ্ছার ভিড়ের মাঝেই এমন এক রহস্যময় পোস্ট করে সৌম্য মুখার্জি কার্যত অনুরাগীদের মধ্যে বাড়িয়ে দিলেন উত্তেজনা। নেটপাড়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু—রামায়ণের সেই চরিত্রটি কে, আর পাভেল–সৌম্য জুটি ঠিক কী চমক নিয়ে আসছেন?