হইচই-এর সিরিজের পাশাপাশি মিনি সিরিজেরও জনপ্রিয়তাও বাড়ছে।‌ স্বল্প দৈর্ঘ্যের কয়েকটি পর্বেই শেষ হচ্ছে এই সিরিজ। 'ভালোবাসার বাড়ি' মিনি সিরিজের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অঙ্গনা রায় ও অভিনেতা সৌম্য মুখার্জিকে। পরিচালনায় ছিলেন অরিত্র সেন। এই মিনি সিরিজ দারুণ সাড়া ফেলেছিল দর্শকের মনে। 

সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই আসছে এর সিক্যুয়েল। অঙ্গনা-সোম্যর জুটি ফিরছে 'ভালোবাসার বাড়ি ২' নিয়ে। গত সিজনে দেখা গিয়েছিল নায়ক-নায়িকা লিভ-ইন-এ রয়েছে। কিন্তু তাদের বাড়ির লোক সেটা জানে না। ফলে পরিবারকে লুকিয়ে যতটা সম্ভব একসঙ্গে থাকে তারা। এদিকে, তাদের বাড়িওয়ালা জানে তারা নাকি বিবাহিত। ঘরে-বাইরে লুকোচুরি চলছে তাদের। 

এই জটিলতার মধ্যে নায়ক আবার নায়িকাকে বিয়ের জন্য প্রোপোজ করে বসে। এর মধ্যেই তাদের বাড়িতে উপস্থিত হয় নায়িকার বাবা-মা। এবার কী হবে? এই সাসপেন্স নিয়েই শেষ হয়েছিল গতবারের সিরিজ। তখনই ইঙ্গিত মিলেছিল, এই মিনি সিরিজের দ্বিতীয় সিজন আসছে। 

আগামী ২৬ জুন হইচই-এ মুক্তি পাচ্ছে 'ভালোবাসার বাড়ি ২'। এই সিরিজের মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন সৌম্য ও অঙ্গনা। প্রথমবার জুটি বেঁধেই দর্শকের কাছ থেকে দারুণ ভালবাসা পেয়েছিলেন তাঁরা। এবার আরও একবার ফিরছেন তাঁরা। এবারের গল্পে কেমন হবে তাঁদের সম্পর্কের সমীকরণ? বাবা-মা তাঁদের সম্পর্কের কথা আর লিভ-ইনের কথা জানতে পারলে কি হবে? সেই নিয়েই এগোবে এই মিনি সিরিজের গল্প।