দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার বন্দোবস্ত করলেন সোনু সুদ। ইরান-ইজরায়েল হামলার কারণে দুবাইতে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ এই অবস্থায় বহু মানুষ দুবাইতে গিয়ে বিপাকে পড়েছেন৷
কোভিডের সময়ও অভিনেতা সোনু সুদ মানুষের সেবায় এগিয়ে এসেছিলেন৷ পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন৷ এবার তিনি দুবাইতে আটকে থাকা মানুষদের সাহায্য করার জন্য এক্স হ্যান্ডলে বিশেষ বার্তা দিলেন৷ সোনু জানিয়েছেন, ইরান-ইজরায়েল হামলার কারণে যাঁরা দুবাইতে আটকে পড়েছেন তাঁদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে৷
সোনু সুদ লিখেছেন," যুদ্ধের জন্য বহু পর্যটক দুবাইতে আটকে পড়েছেন৷ যদি আপনি এমন কাউকে জানেন, যাঁর থাকার কোনও জায়গা নেই, আমরা তাঁদের জন্য বিনামূল্যে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি। কোনও জাতিভেদ নেই। কোনও শর্ত নেই৷ কেবলমাত্র মানবিকতা৷ যদি আপনার সাহায্য লাগে, ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করুন। "
সোনু ভিডিয়োবার্তায় আরও বলেছেন, কেউ যদি সাম্প্রতিক খারাপ পরিস্থিতির কারণে দুবাইতে আটকে থাকেন, তাঁদের আমরা বলতে চাই, আপনাদের থাকার জন্য একটা জায়গা আছে৷ আপনি যাতে বিনামূল্যে থাকতে পারেন সেই ব্যবস্থা আমরা করব নিশ্চিতভাবে৷ "
এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সকলে সোনু সুদ-এর প্রশংসা করছেন৷ একজন সাহায্য চেয়ে লিখেছেন, " প্রিয় সোনুজি, আমার ছেলে এবং বৌমা দুবাইতে আটকে পড়েছে৷ নতুন বিয়ে হয়েছে, ওঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিল৷ বিমানযাত্রা বন্ধ থাকায় দুবাইতে আটকে পড়েছে৷ আপনার সাহায্য চাইছি৷ ওঁদের তাড়াতাড়ি ভারতে ফেরা প্রয়োজন কারণ আমার বৌমার পরীক্ষা আছে৷"
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, " স্যর, আপনি আমাদের মন জয় করে নিয়েছেন। যদিও আরব আমিরশাহিতে সরকারি প্রচেষ্টায় পর্যটকদের জন্য হোটেলের ঘর আর খাবারের ব্যবস্থা করা হয়েছে৷ আমাদের কোনও অসুবিধা হচ্ছে না৷ তবুও এই উদ্যোগ প্রশংসনীয়৷ "
২৮ ফেব্রুয়ারি আমেরিকা আর ইজরায়েল ইরানের উপর আক্রমণ করে৷ ইরানের সর্বোচ্চ নেতা আলি হোসেন খামেনেইয়ের মৃত্যুর পর রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়৷ ইরান এরপর প্রত্যাঘাত শুরু করে৷ এর ফলে সংযুক্ত আরব আমিরশাহিতে বিমান চলাচল সীমিত করা হয়েছে৷ দুবাইয়ে বিমানসংস্থা এমিরেটস জানিয়েছে, যাঁদের বিমানের টিকিট বুক করা ছিল তাঁদের যাত্রার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে৷
