গত ২৯ মার্চ দ্বিতীয়বার সন্তানসুখ পেয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারকাজুটি। সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিতেই উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। তবে দ্বিতীয়বার মা হওয়ার পর কোন শারীরিক পরিবর্তন হয়েছে সোনমের? এই বিষয়ে নিজেই মুখ খুললেন তিনি। ছেলেকে কোলে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনম। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর চোখের তলায় কালি পড়েছে।
ছেলে এখন এক মাত্র ক'দিনের। তাই রাতের ঘুম উড়েছে সোনমের। নতুন মা হিসেবে অনেকেই সোনমের এই পরিস্থিতি বুঝতে পেরেছেন। সোনম নিজেই ছবি পোস্ট করে লিখেছেন, 'ডার্ক সার্কেল জিন্দাবাদ।'
তবে অনেকদিন ধরেই নেটপাড়ায় প্রশ্ন ছিল কেমন দেখতে হল আহুজা পরিবারের নতুন এই খুদে? খুব স্বাভাবিকভাবেই আমজনতার মনে রয়েছে এই প্রশ্ন। এবার খোদ সোনম কাপুর ছেলের প্রথম ঝলক সামনে আনলেন।
ক'দিন আগে অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সোনমের কোলে শুয়ে আছে একরত্তি। ওই পোস্টে সোনম তাঁর মেডিকেল টিমকে ধন্যবাদ দিয়ে বলেন, 'আপনাদের এই নিখুঁত পেশাদারিত্বের জন্য অনেক ধন্যবাদ। তবে তার চেয়েও বড় বিষয় হল আপনাদের সহানুভূতি এবং অকৃত্রিম যত্ন, যা সবকিছুর উর্ধ্বে। হাসপাতালে সচরাচর এমনটা সব সময় আশা করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে হওয়াটা এমনই উচিত। আপনাদের এই ব্যবহার আমার এই অভিজ্ঞতাকে সত্যিই অর্থবহ করে তুলেছে।'
যদিও এখনও পর্যন্ত ছোটছেলের নাম প্রকাশ্যে আনেননি সোনম। এমনকী একরত্তির মুখও দেখাননি তিনি। সোনম কাপুর বরাবরই তাঁর ফ্যাশন এবং সাহসী অভিনয়ের জন্য পরিচিত। তবে মা হওয়ার পর অভিনেত্রীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে।
২০১৮ সালে সোনম ও আনন্দের বিয়ে হয়। ২০২২ সালের আগস্ট মাসে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়েছিল। প্রথম পুত্র সন্তানের জন্মের চার বছর পর দ্বিতীয়বার মা-বাবা হিসেবে আরও একবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন দম্পতি।
















