ক'দিন আগেই অভিনেত্রী সোনম কাপুরের কোল আলো করে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান। এতদিন ছেলের মুখ দেখাননি সোনম। তবে এবার প্রথম সন্তান বায়ু ও স্বামী আনন্দ আহুজার সঙ্গে একরত্তিকে নিয়ে ছবি দিয়েছেন সমাজমাধ্যমে। যদিও ছবিতে ছেলের মুখ দেখাননি, কিন্তু নাম প্রকাশ করেছেন অনিল-কন্যা।

সোনম স্বামী ও দুই সন্তানের সঙ্গে ছবি ভাগ করে লিখেছেন, 'একাদশীর পুণ্য তিথিতে, ভগবান বিষ্ণুর আশীর্বাদ মাথায় নিয়ে জন্ম নিয়েছে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান। আমাদের কাছে এটা এক মহাজাগতিক সংযোগ এবং এক পবিত্র আশীর্বাদ। বড়দাদা 'বায়ু'র সঙ্গে তার এই অটুট বন্ধন যেন এক আধ্যাত্মিক মিলন। আমরা স্বাগত জানাচ্ছি, রুদ্রলোক কাপুর আহুজাকে।'


সোনম আরও লেখেন, 'বেদে 'রুদ্র' শব্দের অর্থ হল 'গর্জনকারী'। তিনি মহাশক্তিশালী; যিনি দুঃখকে তার মূল থেকে নির্মূল করেন। রুদ্রের সঙ্গে বায়ুর সম্পর্ক অত্যন্ত গভীর, সেই প্রাণবায়ু, যা প্রতিটি জীবের স্পন্দন। আমাদের প্রথম সন্তান বহন করছে ভগবান বিষ্ণুর (বায়ু) নাম। আর এখন রুদ্রের আগমনে তৈরি হল এক পবিত্র ধারাবাহিকতা। একদিকে শ্বাস, অন্যদিকে শক্তি। একদিকে সুরক্ষা, অন্যদিকে রূপান্তর। একে অপরের পরিপূরক। নামের মহিমায় রুদ্র যেন হয়ে ওঠে নির্ভীক, দয়ালু এবং সচেতন। সে যেন শক্তি ও আলোর এক জীবন্ত উৎস হয়ে বেড়ে ওঠে। আপনাদের ভালবাসা ও আশীর্বাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ।'

ছেলের নাম কেন রুদ্রলোক রেখেছেন তার ব্যাখ্যা ওই পোস্টে দিয়েছেন সোনম। অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা ও একরত্তিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে তারকারাও।

প্রসঙ্গত, কিছুদিন আগে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোনম। সেখানে দেখা গিয়েছিল অভিনেত্রীর চোখের তলায় কালি পড়েছে। 

ছেলে এখন এক মাত্র ক'দিনের। তাই রাতের ঘুম উড়েছে সোনমের। নতুন মা হিসেবে অনেকেই সোনমের এই পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। সোনম নিজেই ছবি পোস্ট করে লিখেছিলেন, 'ডার্ক সার্কেল জিন্দাবাদ।'