আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন, ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

সোনমের মাতৃত্বকালীন ফ্যাশন

বলিউডের ফ্যাশন আইকন হিসেবে পরিচিত সোনম কাপুর প্রতিবারই নিজের স্টাইল দিয়ে নজর কাড়তে জানেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা অভিনেত্রীকে সম্প্রতি শহরে দেখা গিয়েছে। আর তাঁর অনায়াস অথচ রুচিশীল মাতৃত্বকালীন লুক মুহূর্তেই আলোচনায় চলে এসেছে। ভারী পোশাক বা অতিরিক্ত আড়ম্বর এড়িয়ে, সোনম বেছে নিয়েছিলেন একেবারে সাদা রঙের পরিচ্ছন্ন একটি আউটফিট, যা প্রমাণ করে গর্ভাবস্থাতেও আরাম ও স্টাইল একসঙ্গে বজায় রাখা সম্ভব।

সোনম পরেছিলেন ডিজাইনার ধ্রুব কাপুরের কাস্টম আউটফিট। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন তাঁর বোন রিয়া কাপুর, সঙ্গে সেলেব্রিটি স্টাইলিস্ট সানিয়া কাপুর। অভিনেত্রীর পোশাকের মূল আকর্ষণ ছিল একটি ঝরঝরে সাদা কটন শার্ট। তীক্ষ্ণ কলার, প্যাডেড শোল্ডার ও ফুল স্লিভসের এই শার্টে ছিল পরিমিত আধুনিকতার ছোঁয়া।

শার্টটি সামান্য খোলা রেখে পরা হয়েছিল, যা স্বাভাবিকভাবেই তাঁর বেবি বাম্পকে আলতোভাবে তুলে ধরেছে। এর সঙ্গে সোনম পরেছিলেন একটি কনটেম্পোরারি ম্যাক্সি স্কার্ট, যার লো-রাইজ কোমর ও হালকা ফোলা, বেলুনের মতো সিলুয়েট পুরো লুকটিকে করে তুলেছে আরামদায়ক এবং একই সঙ্গে ট্রেন্ডি। এই সাদামাটা অথচ সুন্দর সাজেই আবারও প্রমাণ করলেন, মাতৃত্বকালীন ফ্যাশন মানেই স্টাইলের সঙ্গে আপস নয়।

নিজেকে চিঠি আলিয়ার

সম্প্রতি এক বিশেষ ভিডিওয় আলিয়াকে দেখা যায় নিজের ছোটবেলার উদ্দেশ্যে লেখা একটি চিঠি পড়তে। সেখানে স্বামী রণবীর কাপুরের প্রসঙ্গ টেনে আলিয়া বলেন, “প্রিয় ছোট্ট আমি, হাইস্কুলের সেই বোকা ছেলেটার জন্য কাঁদবে না। সে একেবারেই তোমার যোগ্য নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন তুমি পৃথিবীর সবচেয়ে ভাল মানুষটির দেখা পাবে। যাকে তুমি মনে মনে সব সময় পছন্দ করতে। সে তোমাকে সম্মান, স্বস্তি, শান্তি আর হাসিতে ভরিয়ে রাখবে। সে হবে তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, তোমার সেরা বন্ধু। তোমার সম্পর্কে সব জানবে সে। তুমি সব সময় এমন একজনকে চেয়েছিলে, যে তোমার মনের কথা বুঝে নেবে। সে ঠিক সেটাই করবে।”

এরপর আলিয়া কথা বলেন তাঁর কন্যা রাহাকে নিয়ে, যে সদ্য তিন বছরে পা দিয়েছে। আবেগঘন স্বরে অভিনেত্রী বলেন, “ছোট্ট আমি, তোমার জীবনে ভালোদিন আসবে, খারাপ দিনও আসবে। তবে বেশিরভাগ দিনই হবে কৃতজ্ঞতায় ভরা। নিজের মতো একটা ‘মিনি-মি’-কে যত্নে বড় করার যে স্বপ্ন তুমি দেখেছিলে, সেটাও পূরণ হবে। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটার মা হবে। সে তোমার হৃদয়কে এমনভাবে বড় করে দেবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। আর হ্যাঁ, সে নাকি একদিন ছোট্ট আইনজীবীও হবে, তাই এখন থেকেই প্রস্তুত হও।”

‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল নিয়ে জল্পনা

ব্লকবাস্টার সাফল্যের পর ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের অপেক্ষা এখন তুঙ্গে। ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির তালিকায় নিঃসন্দেহে শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই সিক্যুয়েলে ফিরছেন প্রথম পর্বের জনপ্রিয় তারকারা। রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, রাকেশ বেদি ও সারা অর্জুন। পাশাপাশি প্রথম ছবির ক্লাইম্যাক্সে চরিত্রের মৃত্যু হলেও গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দৃশ্যে ফের দেখা যাবে অক্ষয় খান্নাকেও।

ছবিটি ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে সোমবার, রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধর তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে শুধু লিখেছেন, ‘আগামীকাল ১২:১২’। এই ইঙ্গিত থেকেই জোর জল্পনা, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১২ মিনিটে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’-এর টিজার।

‘বর্ডার ২’-এর উন্মাদনায় ভাটা

২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বর্ডার ২’। ছবিটি জে পি দত্ত পরিচালিত ১৯৯৭ সালের আইকনিক যুদ্ধছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল। প্রথম ছবির মতোই এই পর্বের প্রেক্ষাপটও ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধ। অনুরাগ সিং পরিচালিত ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, আহান শেট্টি, মোনা সিং, মেধা রানা, সোনম বাজওয়া ও অনন্যা সিং।

বক্স অফিসে শক্তিশালী সূচনা হয়েছিল ‘বর্ডার ২’-এর। মুক্তির প্রথম ১০ দিনে ছবিটি মোট ৩০১.৮৯ কোটি টাকা আয় করে নজির গড়ে। তবে দ্বিতীয় সোমবার এসে ছবির আয়ে বড়সড় ধাক্কা লাগে। মুক্তির ১১তম দিনে ছবিটি এখনও পর্যন্ত একদিনের নিরিখে সর্বনিম্ন আয় করেছে।

স্যাকনিল্ক-এর প্রাথমিক হিসেব অনুযায়ী, ওই দিন ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ৫.৭৫ কোটি টাকা। আগের দিনের আয় ২৪.২২ কোটি টাকা থেকে প্রায় ৭৫ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে, যা বক্স অফিস বিশ্লেষকদের নজর কেড়েছে।

শক্তিশালী তারকাবহুল কাস্ট ও দেশপ্রেমমূলক আবহ থাকা সত্ত্বেও ছবির হঠাৎ এই আয়হ্রাস আগামী দিনে বক্স অফিসে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।