গত ২৯ মার্চ দ্বিতীয়বার সন্তানসুখ পেয়েছেন কাপুর তনয়া সোনম কাপুর ও আনন্দ আহুজা। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারকাজুটি। সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিতেই উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। কেমন দেখতে হল আহুজা পরিবারের নতুন এই খুদে? খুব স্বাভাবিকভাবেই আমজনতার মনে রয়েছে এই প্রশ্ন। তারই মাঝেই নবজাতকের ঝলক সামনে আনলেন মাসি রেহা কাপুর। 

সোনমের বোন রেহা কাপুর ইনস্টাগ্রামে বোনপোর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তোয়ালে মোড়ানো রয়েছে সোনম পুত্র। চেয়ারে বসে তাঁকে কোলে নিয়ে রয়েছেন রেহা। খুদের মুখ আড়ালে থাকলেও তাঁর মাথা ভর্তি চুল একেবারে স্পষ্ট। একরত্তির মুখের দিকে মায়াভরা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রেহা। সঙ্গে লিখেছেন, ‘তুমিই তো তোমার মা সোনমের মতো একজন ভাল মনের মানুষের চালিকাশক্তি।’

সোনম কাপুর বরাবরই তাঁর ফ্যাশন এবং সাহসী অভিনয়ের জন্য পরিচিত। তবে মা হওয়ার পর অভিনেত্রীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। বোন রেহার সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই খুব গভীর। দুই বোন একে অপরের সবচেয়ে ভাল বন্ধু। এখন দ্বিতীয়বার মাসি হওয়ার পর তাঁদের এই বন্ধন যেন আরও মজবুত হল।

২০১৮ সালে সোনম ও আনন্দের বিয়ে হয়। ২০২২ সালের আগস্ট মাসে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়েছিল। প্রথম পুত্র সন্তানের জন্মের চার বছর পর দ্বিতীয়বার মা-বাবা হিসেবে আরও একবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন দম্পতি। 

গত সেপ্টেম্বর মাসে সোনমের প্রেগন্যান্সির গুঞ্জন শুরু হয়েছিল। বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই সেই গুঞ্জন জোরাল হয়। যদি প্রথমে মুখে কুলুপ এটে থাকেন অনিল কাপুরের মেয়ে। শেষমেশ নভেম্বরে গর্ভাবস্থার চর্চায় সিলমোহর দেন সোনম। অভিনব কায়দায় মেটারনিটি ফটোশুটে বেবি বাম্প প্রদর্শন করেন আহুজা ঘরনি। আপাতত একরত্তিকে ঘিরে এখন কাপুর ও আহুজা পরিবারে খুশির আবহ।