রণবীর সিং মানেই এখন বক্স অফিসের সম্রাট। তাঁর ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি ৩০০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া রূপকথা লিখেছে। কিন্তু আজকের এই আত্মবিশ্বাসী ও এনার্জিতে ভরপুর রণবীর শুরুর দিকে কেমন ছিলেন? 'বিগ বস'খ্যাত সোনালী রাউতের সাম্প্রতিক স্মৃতিচারণায় উঠে এল এক অন্য রণবীরের কথা— যিনি বিকিনি পরা তন্বী নায়িকার সঙ্গে ফটোশুট করতে গিয়ে গিয়ে রীতিমতো ঘামছিলেন!
পর্দায় তিনি স্পাই থ্রিলারের দুর্ধর্ষ নায়ক, আর বাস্তবে এনার্জির পাওয়ার হাউস। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে রণবীর সিং ছিলেন একেবারেই আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সেই ‘লাজুক’ অবতারের কথা ফাঁস করলেন সোনালী রাউত। তিনি জানালেন, একটি গ্ল্যামারাস ফটোশুটে বিকিনি পরা সোনালীর সঙ্গে পোজ দিতে গিয়ে রণবীর এতটাই নার্ভাস ছিলেন যে তাঁকে সাহস জোগাতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনালী জানান, রণবীর আজ যতটা চনমনে, ঝলমলে, তখন ততটা ছিলেন না। সোনালী বলেন, “আমি রণবীরকে খুব কাছ থেকে চিনি। একটি সাহসী ও গ্ল্যামারাস শুটে আমি বিকিনি পরেছিলাম। রণবীরের ক্ষেত্রে সেটা প্রথম সেই ধরণের শুট ছিল। ও আমাকে বলেছিল, ‘এই প্রথমবার আমি কোনও মেয়ের সঙ্গে এত গ্ল্যামারাস শুট করছি যে বিকিনি পরে আছে’। ও ভীষণ সতর্ক ছিল, বারবার পারফিউম মাখছিল, চিউইং গাম চিবোচ্ছিল। ভীষণ মিষ্টি আর নম্র স্বভাবের ছিল রণবীর।”
সোনালী আরও যোগ করেন, “ফটোগ্রাফার আমাকে কানে কানে এসে বলেছিলেন, 'সোনালী, তুমি তো স্বচ্ছন্দ কিন্তু ও খুব নার্ভাস। প্লিজ ওকে একটু কমফোর্টেবল ফিল করাও।' পরবর্তীকালে রণবীরকে বাণী কাপুরের সঙ্গে একই ধরণের সাহসী পোজ দিতে দেখা গিয়েছিল, কিন্তু সোনালীর কাছে সেই দিনের লাজুক রণবীরই বেশি প্রিয়।
আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি এখন সাফল্যের শীর্ষে। প্রথম পার্ট ১৩০৭ কোটি এবং দ্বিতীয় পার্ট ১৭০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ৩০১৯ কোটি টাকা আয় করেছে। রণবীর সিং ছাড়াও এই সিরিজে আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের মতো তারকাদের দেখা গিয়েছে।
তবে রণবীর থেমে নেই। ২০২৬-এর মাঝামাঝি সময় থেকে তিনি শুরু করতে চলেছেন তাঁর আগামী ছবি ‘প্রলয়’-এর কাজ। হংসল মেহতার ছেলে জয় মেহতা পরিচালিত এই জম্বি-থ্রিলারে রণবীরের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুন্দরী কল্যাণী প্রিয়দর্শনকে। এক বিধ্বংসী জম্বি মহামারীর প্রেক্ষাপটে মানুষের টিকে থাকার লড়াই নিয়ে তৈরি হবে এই ছবি।















