টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আইনি জটে সোনালী
বড়সড় আইনি বিপাকে পড়েছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে এবং তাঁর স্বামী গোল্ডি বহল। পুনের এক কৃষক দম্পতি তাঁদের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ তুলে দেওয়ানি আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারীর দাবি, ১৯৫৭ সাল থেকে ওই জমির ওপর তাঁদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকারকে পুরোপুরি উপেক্ষা করেই জমিটি কেনা হয়েছে। এছাড়া ওই জমিতে বেআইনিভাবে কাজ শুরু করা এবং তাঁদের পরিবারকে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন ওই কৃষক। বর্তমানে তিনি ওই সম্পত্তির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়েছেন। অন্যদিকে, সোনালী বেন্দ্রে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জমির কোনও নথিপত্রেই তাঁর নাম নেই। অভিনেত্রীর দাবি, স্রেফ টাকা হাতানোর উদ্দেশ্যেই তাঁর নাম জড়ানো হচ্ছে এবং পরিকল্পনা মাফিক এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাঁর আইনি পরামর্শদাতারা জানিয়েছেন যে, এর আগেও এই সংক্রান্ত কিছু অভিযোগ জমা পড়েছিল যা আদালত খারিজ করে দেয়। আপাতত আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
শেফালিকে কোলে তুলে কী করেছিলেন রণবীর?
বর্তমানে বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলারটি কেবল ব্যবসায়িক সাফল্যই নয়, বরং সমালোচকদেরও মন জয় করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের সেই মজার অথচ অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। শেফালী জানান, ‘দিল ধড়কনে দো’ ছবির শুটিং শুরুর আগে মুম্বইয়ের একটি স্টুডিওতে ‘গল্লান গুড়িয়া’ গানের মহড়া চলছিল। সেখানে তখন একে একে সব তারকারা উপস্থিত হচ্ছেন। শেফালী স্বভাবসুলভ লাজুক ভঙ্গিতে এক কোণে দাঁড়িয়ে সবাইকে দেখছিলেন। ঠিক সেই সময় হঠাৎ পিছন থেকে তাঁকে মাটি থেকে শূন্যে তুলে ফেলে! প্রথমে কিছুটা অপ্রস্তুত এবং রেগে গেলেও পিছন থেকে ভেসে আসা উত্তেজিত কণ্ঠস্বর শুনে তিনি থমকে যান। সেই কণ্ঠটি ছিল রণবীর সিংয়ের। রণবীর তাঁকে কোলে তুলে চিৎকার করে বলে উঠেছিলেন, “শেফু, চলো একটা ফাটাফাটি সিনেমা বানাই!” এটাই ছিল তাঁদের প্রথম আলাপ। সেই মুহূর্তেই তাঁদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের রসায়ন তৈরি হয়ে যায়।
সিনেমাহলে গা ঢাকা দিলেন মাধবন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা রীতিমতো তাজ্জব। মুম্বইয়ের একটি জনাকীর্ণ প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের ভিড়ে মিশে চুপিচুপি নিজের ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর স্ক্রিনিং উপভোগ করতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাধবন একটি হুডি পরে নিজের পরিচয় গোপন রেখে থিয়েটারে প্রবেশ করেন। উদ্দেশ্য ছিল একটাই, কোনও সেলিব্রিটি তকমা ছাড়াই সাধারণ মানুষের প্রতিক্রিয়া একদম কাছ থেকে দেখা। আর সেই মুহূর্তের ছবি, ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
















