আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
জেন জি-দের কাছে ক্ষমাপ্রার্থী সোনাক্ষী
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে শোরগোল। এই ঘটনার রেশ ধরে অভিনেত্রী সোনাক্ষী সিনহা যেভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, তা নিয়ে এখন নেটপাড়ায় বেশ চর্চা চলছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মুখে মন্ত্রীর পদত্যাগের পর জেন-জি (Gen Z)-দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই বলিউড তারকা।
সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করে সোনাক্ষী জানিয়েছেন যে তিনি আগে তরুণ প্রজন্মকে একেবারেই অন্য চোখে দেখতেন। তবে তাঁদের এই অভাবনীয় সাফল্য তাঁর সেই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। তরুণ প্রজন্মের এই লড়াকু মানসিকতা দেখে নিজের ভুল বুঝতে পেরেছেন অভিনেত্রী। ভুল স্বীকার করে ভিডিওতে মজার ছলে কান ধরে উঠবস করতেও দেখা যায় তাঁকে।
তানিষ্ককে ফের আক্রমণ আমালের
বলিউডের অন্দরে সুরকার আমাল মালিক আর তানিষ্ক বাগচীর দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 'সাইয়ারা'র (Saiyaara) গানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে নতুন মোড় এনেছেন আমাল। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করে তানিষ্ককে আক্রমণ করেছেন। সলমন খানের একটি ভাইরাল হওয়া মন্তব্য ব্যবহার করে আমাল সরাসরি তানিষ্ককে কটাক্ষ করেন। ইনস্টাগ্রামে সলমন খানের সেই বিখ্যাত ডায়লগ 'ইটস ডান ব্রো' দিয়ে একটি মিম পোস্ট করেন তিনি, যা মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যদিও আমালের এই লাগাতার আক্রমণ এবং ব্যঙ্গাত্মক পোস্টের পরেও এখনও পর্যন্ত তানিষ্ক বাগচীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কাজ হারানোর ভয় আকাঙ্ক্ষার!
ছোটপর্দার অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত জীবন এবং তাঁর উভকামী সত্তা প্রকাশ পাওয়ার পর থেকেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা। সম্প্রতি রিয়্যালিটি শো 'লক আপ ২'-এ আকাঙ্ক্ষা নিজের নিজের সম্পর্কে সত্যটা সামনে এনেছেন। এই ঘটনার পর অভিনেত্রী নারায়ণী শাস্ত্রী এক সাক্ষাৎকারে মন্তব্য করেন যে, এই সত্যিটা সামনে আসার পর আকাঙ্ক্ষার পক্ষে কাজ পাওয়া কঠিন হতে পারে। নারায়ণীর মতে, টেলিভিশন ইন্ডাস্ট্রি এখনও নায়িকাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ইমেজ প্রত্যাশা করে। পর্দায় তাঁদের 'আদর্শ গৃহবধূ' বা 'ভাল মেয়ে'র চরিত্রে দেখতেই দর্শক অভ্যস্ত। তাই বাস্তব জীবনে কারও এমন খোলামেলা স্বীকারোক্তি ছোটপর্দার নির্মাতারা সহজে গ্রহণ করতে চান না। তবে তিনি স্পষ্ট জানান যে আকাঙ্ক্ষা নিজের মতো করে বাঁচলে তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
















