জি বাংলার পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। এবার এক একা মায়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরবে এই চ্যানেল। ধারাবাহিকের নাম 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। অন্নপূর্ণার তিন মেয়ে। সে পূত্র সন্তানের জন্ম দিতে পারেনি বলে তার স্বামী তাকে ও তিন মেয়েকে ছেড়ে চলে যায়। এরপর সে একাই ভাতের হোটেল চালিয়ে মেয়েদের বড় করে তোলে অন্নপূর্ণা। সমাজের এত বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার লড়াই সে প্রতিনিয়ত চালিয়ে যায়। অক্লান্তভাবে। ছবিতে নামভূমিকায় দেখা যাবে সোমা বন্দ্যোপাধ্যায়-কে। 

 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রমো। সেখানে দেখা যাচ্ছে কীভাবে একা হাতে হোটেলের খাবারের জন্য আনা মাছ-মাংস থেকে শাকসবজি নিজের হাতে কেটেকুটে রান্না করে চলেছে অন্নপূর্ণা। অক্লান্তভাবেই।  বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সোমা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি বারবার দর্শকের মন জয় করেছেন‌। এবারের চরিত্রটির মধ্যে মিশে রয়েছে মায়া-মমতাম ভরা এক লড়াকু মা।  আজকাল ডট ইন-কে সোমা বললেন, " বহুদিন পর এই ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। শুধুই নারীশক্তির কথা নয়, সমাজের নানান শ্রেণীর মানুষ এবং বিভিন্ন দিক চোখে আঙ্গুল দিয়ে দেখাবে এই ধারাবাহিক। জি ফাইভ-এ সম্প্রচারিত হওয়া গঙ্গা মাইয়া কী বেটিয়া-র বাংলা রিমেক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'।  ফায়ার আসি অন্নপূর্ণার কথায়। সে একা নারী বলে তাকে সমাজের নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। হবেও আরও। তবু সে দমে যাওয়ার পাত্রী নয়। কীভাবে সেই সমস্ত চোখ রাঙানি মুখোমুখি হয়ে সমাজের আরও বহু নারীর পাশে সে দাঁড়াবে, সেটাই হয়ে উঠবে এই ধারাবাহিকের প্রধান উপজীব্য। এছাড়া, তাঁর নিজের মেয়েদের সঙ্গেও তার সম্পকের টানাপোড়েন, তার ভাতের হোটেলটিকে কেন্দ্র করে কীভাবে আরও বহু পরিবারের জীবন জড়িয়ে যায়, দর্শক শুনতে ও দেখতে পাবেন সে গল্পও।"


অভিনেত্রীর কথা থেকেই জানা গেল তাঁর তিন মেয়ের ভূমিকায় দেখা যাবে ঈপ্সিতা মুখোপাধ্যায় ও স্বস্তিকা ঘোষ-কে। তৃতীয়জন সম্ভবত নতুন মুখ। এই ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব সম্ভবত সামলাবেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই পুরোদমে শুটিং শুরু হওয়া কথা এই ধারাবাহিকের। সেই হিসেবে এপ্রিলের শেষদিকে থেকে ছোটপর্দায় এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার জোর সম্ভাবনা। 


উল্লেখ্য, এই ধারাবাহিকে স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। সৌম্যদীপ জি বাংলার 'জগদ্ধাত্রী'তে মুখ্যচরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। অন্যদিকে স্বস্তিকাও স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'র মুখ্য চরিত্রে মন জয় করেছিলেন। এই দুটি ধারাবাহিকই প্রায় চার বছর চলেছিল। সাধারণত এখন ধারাবাহিকের মেয়াদ কমে এসে কয়েক মাসে ঠেকেছে‌‌। সেখানে এই দুই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সেই বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আবারও দুই আলাদা ধারাবাহিকের নায়ক-নায়িকাকে নিয়ে শুরু হতে চলেছে নতুন এই মেগা।সৌম্যদীপ ও স্বস্তিকার জুটিকে প্রথমবার দেখবেন দর্শক। নতুন জুটি এলে অনুরাগীদের মধ্যে যে উন্মাদনা ছড়ায়, তা এই জুটির ক্ষেত্রেও হয় কিনা সেটাই দেখার।

 

 

&t=2069s