স্টার জলসায় বহু বছর আগে 'অদ্বিতীয়া' ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা ইন্দ্রাশিস রায়কে। এরপর হইচই-এর একটি থ্রিলার সিরিজ 'দ্য রিউনিয়ন'- এ দেখা গিয়েছিল তাঁদের। প্রায় চার-পাঁচ বছর পর ফের একফ্রেমে দর্শক দেখবেন তাঁদের।
হইচই-এ আসছে এক কোর্ট রুম ড্রামা। পরিচালনায় অয়ন চক্রবর্তী। অয়ন চক্রবর্তীর পরিচালনায় বরাবরই রহস্য দানা বেঁধেছে। এবারও তার অন্যথা হল না। একটা খুন, আর সেই খুনের তদন্তে উঠে আসবে গোপন সত্যি। আদালত চত্বরে চলবে সওয়াল-জবাবের খেলা। এরকমই টানটান উত্তেজনা নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন সোহিনী সরকার ও ইন্দ্রাশিস রায়। যদিও তাঁরা ছাড়াও এই গল্পে দেখা যাবে অনিন্দ্য পুলক ব্যানার্জি, সাগ্নিক, মৈনাক ব্যানার্জি, রুকমা রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের।
টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়েছে এই সিরিজের। তবে এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। আর কিছুদিনের মধ্যেই হইচই-এর পক্ষ থেকে ঘোষণা করা হবে সোহিনী অভিনীত এই সিরিজের। দর্শক শেষবার অয়নের পরিচালনায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখেছিলেন গোয়েন্দার ভূমিকায়। 'ঠাকুমার ঝুলি' সিরিজে ঠাকুমার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। এটাই তাঁর অভিনীত শেষ সিরিজ।
অন্যদিকে, সোহিনীকে হইচই-এর পর্দায় দর্শক শেষ দেখেছিলেন 'সম্পূর্ণা ২' সিরিজে। সম্প্রতি এই সিরিজের হিন্দি রিমেক হয়েছে জি ফাইভে। আর ইন্দ্রাশিস হইচই-এর 'লজ্জা'য় এবং তার সিক্যুয়েলে নজর কেড়েছিলেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় 'আজও অর্ধাঙ্গিনী'-তে।















