সত্যজিৎ রায়ের পরিচালনায় 'শাখা-প্রশাখা' ছবিতে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী। সেই সময় তাঁর বয়স তিন কী চার হবে। ওইটুকু বয়সে সত্যজিৎ রায়ের সান্নিধ্যে আসা অভিনেতার কাছে চিরস্মরণীয় মুহূর্ত। ওই বয়সের স্পষ্ট স্মৃতি তাঁর নেই ঠিকই, কিন্তু মনের কোণে কিছু মুহূর্ত এখনও গেঁথে রয়েছে। ২ মে, সত্যজিৎ রায়ের জন্মদিনে আজকাল ডট ইন-এর কাছে সেই স্মৃতির পাতা হাতড়ালেন সোহম চক্রবর্তী।
নির্বাচনের ফলাফলের আবহে ভীষণ ব্যস্ত অভিনেতা। তার মাঝেও এদিনটায় ফিরে দেখলেন নিজের ছেলেবেলা। সোহমের কথায়, "আমি এতটাই ছোট ছিলাম যে স্পষ্ট কিছুই মনে নেই। বাড়িতে মা-বাবার কাছ থেকে বড় হয়ে সেসব দিনের কথা শুনেছি। সত্যজিৎ রায়ের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছি, নিজেকে ধন্য মনে করি। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব দীপঙ্কর আঙ্কেল (দীপঙ্কর দে)র কাছে। উনিই আমার বাড়িতে এই ছবির প্রস্তাব নিয়ে আসেন। তারপর আমার ডাক পড়ে সত্যজিৎ রায়ের বাড়িতে। আমায় একটা কবিতা বলতে বলেন উনি। মনে আছে, সুকুমার রায়ের ভয় পেয়ো না কবিতাটা বলেছিলাম। তারপর আমার সঙ্গে খোশগল্প করে বাবা-মাকে জানিয়ে দেন ছবির ডেট পৌঁছে যাবে।"
সোহম আরও বলেন, "একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। যেখানে শাখা-প্রশাখার শুটিংয়ের সময় উনি আমায় ডায়লগ মুখস্থ করাচ্ছেন। শিশুশিল্পীদের সঙ্গে ওঁর ব্যবহার, ওঁর ধৈর্য ওই ভিডিওতেই স্পষ্ট হয়েছিল। প্রতিটা সিন অনুযায়ী পুরো ডায়লগ নিজে মুখস্থ করাতেন। অদ্ভুত ভাল মানুষ ছিলেন। তখন তো ছোট ছিলাম বুঝিইনি কার সঙ্গে কাজ করছি, এখন আক্ষেপ হয় যে একটু আলাপ হল না ঠিক করে। যদি এখন সুযোগ পেতাম একটা কথাই বলতাম, আশীর্বাদ করো, যেন তোমার শিকিভাগটুকু পাই।"















