বলিউড অভিনেতা সোহেল খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী সীমা সজদেহকে নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। সম্প্রতি একটি রিয়্যালিটি শো-এর মঞ্চে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন সোহেল। সেখানেই উঠে এসেছে তাঁদের বড়ছেলে নির্বাণ খানের নাম রাখার পিছনের এক অজানা কাহিনী।
সোহেল জানিয়েছেন, সন্তান জন্মের আগে তাঁদের মধ্যে একটি মজার চুক্তি হয়েছিল। কথা ছিল, যদি ছেলে হয় তবে নাম রাখবেন বাবা, আর মেয়ে হলে নাম ঠিক করবেন মা। সেই পরিকল্পনা অনুযায়ী, সোহেল চেয়েছিলেন ছেলের নাম রাখতে 'রাম খান'। অভিনেতা বলেন, "আমরা মানসিকভাবে অত্যন্ত ধর্মনিরপেক্ষ। তাই আমি চেয়েছিলাম ছেলের নাম রাম খান রাখতে।"
তবে বাস্তবের ছবিটা বদলে যায় সন্তানের জন্মের পর। সোহেল জানান, অস্ত্রোপচারের পর সীমা যখন জ্ঞান ফিরে পান, তখন তিনি কিছুটা আচ্ছন্ন অবস্থাতেই নির্বাণের নাম বলে ফেলেন। সোহেল বলেন, "ডাক্তার ছেলে হয়েছে বলার পর আমি ঘরে ঢুকি। তখন সীমা অর্ধ-চেতন অবস্থায় আমাকে জিজ্ঞেস করেছিল, নির্বাণ কেমন আছে? ওর মুখে ছেলের নামটা এত সুন্দর লেগেছিল যে, আমি আর সেটা পরিবর্তন করার কথা ভাবিনি।"
প্রায় ২৪ বছরের বিবাহিত জীবন শেষে ২০২২ সালে সোহেল ও সীমার বিচ্ছেদ হলেও, সন্তানদের জন্য তাঁরা আজও একে অপরের বন্ধু। সোহেল স্বীকার করেছেন, অতীতে তাঁর ভুল আচরণের কারণেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু এখন তাঁদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং অভিভাবক হিসেবে তাঁরা সন্তানদের দায়িত্ব সমানভাবে নিয়েছেন।
















